গলে আজ টেস্টের প্রথম দিনটি রাঙিয়ে দিলেন বাংলাদেশের দুই অভিজ্ঞ ব্যাটার-মুশফিকুর রহিম ও নাজমুল হাসান শান্ত। দিনের শুরুটা ছিল চাপে, তবে শেষটা রঙিন করেছে এই জুটি।
প্রথম সেশনে মাত্র ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। সেখান থেকে মুশফিক ও শান্ত গড়েন অবিচ্ছিন্ন জুটি। ১৩ ইনিংস পর সেঞ্চুরির দেখা পেলেন মুশফিক। ১৭৬ বলে তুলে নিলেন ক্যারিয়ারের ১২তম শতক। গলে এটিই তার দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি, এর আগে এখানেই করেছিলেন নিজের প্রথম ডাবল সেঞ্চুরি।
অন্যদিকে অধিনায়ক শান্ত দেখালেন দায়িত্বশীলতা। নিউজিল্যান্ডের বিপক্ষে ২০২৩ সালের শেষদিকে পাওয়া শতকের পর আজ আবার তিন অঙ্কের দেখা পেলেন তিনি। ২০২ বল মোকাবিলা করে স্পিনার প্রবাত জয়াসুরিয়াকে সুইপ করে পেয়ে যান নিজের ষষ্ঠ শতক।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮৯ ওভারে ৩ উইকেটে ২৯১ রান। শান্ত ১৩৬* এবং মুশফিক ১০৪* রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। দুজনই খেলছেন অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে।



