ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ইউনিসেফের সঙ্গে এবার জুটি বাঁধল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শিশু অধিকার রক্ষায় যৌথভাবে কাজ করবে তারা। শিশুদের অধিকার রক্ষা ও ক্রিকেটে তাদের অংশগ্রহন বাড়াতে ইউনিসেফ ও বিসিবি একটি উন্নয়ন ও প্রচারনা যৌথভাবে শুরু করবে। এনিয়ে দুটি প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি বুধবার বিসিবির কার্যালয়ে সম্পন্ন হয়।
এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বিসিবির আর্ন্তজাতিক চ্যারিটি অংশীদার হিসেবে ইউনিসেফের নাম মনোনীত করার ঘোষণা দিয়েছেন। উভয় প্রতিষ্ঠানের এই চুক্তি অনুযায়ী ক্রিকেট দলের জার্সিতে এখন ইউনিসেফ লোগো ব্যবহার করা হবে। এখন থেকে বাংলাদেশ জাতীয় দলের (পুরুষ, নারী ও অনুর্ধ্ব-১৯ দল) জার্সির কলারে ইউনিসেফ লোগো ব্যবহার করা হবে। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘বাংলাদেশ সামনের সময়ে নতুন যে সিরিজে খেলবে সেই দলের জার্সিতে ইউনিসেফের এই লোগো ব্যবহার করা হবে।’
ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি এডওয়ার্ড বেগবেদার বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের জনপ্রিয়তার কারণে এই অংশীদারিত্ব ঘিরে আমাদের উচ্চাশা রয়েছে। অতীতে বিভিন্ন সময়ে বিসিবি ও ইউনিসেফের মধ্যে বেশ কিছু সহযোগিতামূলক কার্যক্রম সফল হয়েছে। তবে এই অংশীদারিত্বের আওতায় আমরা ক্রিকেটের মাধ্যমে অনেক বেশি সুবিধাবঞ্চিত শিশুর কাছে পৌঁছাতে ও তাদের ক্ষমতায়ন করতে পারব আশা করি।’
চুক্তিটি আপাতত দু’বছরের জন্য। এই প্রথমবারের মতো মা ও শিশুর প্রতীক সম্বলিত এই লোগো আর্ন্তজাতিক কোন ক্রিকেট দলের জার্সিতে স্থান পেতে যাচ্ছে। স্পেনের বিখ্যাত ফুটবল ক্লাব বার্সোলোনার জার্সিতেও আছে ইউনিসেফের লোগো।
বুধবার বিসিবি কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী, ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি এডওয়ার্ড বেগবেদার উপস্থিত ছিলেন। বাংলাদেশ ক্রিকেট দলের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।


