বাংলাদেশের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজকে সামনে রেখে ঢাকায় পৌঁছেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফ। খেলোয়াড়দের আগেই প্রস্তুতির অংশ হিসেবে কোচিং ইউনিটকে বাংলাদেশে পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শনিবার দুপুরে পাঁচ সদস্যের এই কোচিং স্টাফ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। আনুষ্ঠানিকতা শেষ করে তাদের সরাসরি টিম হোটেলে নেওয়া হয়েছে।
ঢাকায় আসা পাকিস্তানের কোচিং স্টাফে রয়েছেন প্রধান কোচ মাইক হেসন, ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট, বোলিং কোচ অ্যাশলে নফকে, স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ গ্র্যান্ট লুডেন এবং দলের ফিজিওথেরাপিস্ট ক্লিফ ডিকন। সিরিজ শুরুর আগে দলীয় অনুশীলন ও প্রস্তুতির বিষয়গুলো তদারক করতেই তাদের আগেভাগে পাঠানো হয়েছে।
পাকিস্তান দলের ক্রিকেটাররা আগামী ৯ মার্চ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বে বাংলাদেশ সফরে আসবে দলটি। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব থেকে বিদায় নেওয়ার পর পাকিস্তানের ক্রিকেটাররা দেশে ফিরে গেলেও কোচিং স্টাফের সদস্যরা শ্রীলঙ্কায় অবস্থান করছিলেন। সেখান থেকেই তারা সরাসরি ঢাকায় এসে পৌঁছেছেন।
বাংলাদেশ সিরিজের জন্য সম্প্রতি দল ঘোষণা করেছে পিসিবির নির্বাচক প্যানেল। সাম্প্রতিক পারফরম্যান্সের ভিত্তিতে দলে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। সবচেয়ে বড় চমক হিসেবে বাদ পড়েছেন সাবেক অধিনায়ক বাবর আজম। পাশাপাশি ছয়জন নতুন ক্রিকেটারকে ওয়ানডে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে, যাদের এখনো এই ফরম্যাটে অভিষেক হয়নি।
নতুন মুখদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন ওপেনার সাহিবজাদা ফারহান। টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত ব্যাটিং করে ৩৮৩ রান সংগ্রহ করেছেন তিনি এবং টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহকও হয়েছেন। অন্যদিকে ইনজুরির কারণে এই সিরিজে দলে জায়গা হয়নি অভিজ্ঞ ব্যাটার ফখর জামানের।
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ১১ মার্চ। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩ ও ১৫ মার্চ। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।










Discussion about this post