ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
প্রথম ইনিংসে দল খেলে মাত্র মাত্র ৫১ ওভার। দ্বিতীয় ইনিংসে ৬৩.১ ওভারেই অলআউট। দুই ইনিংসে বাংলাদেশের রান ১৪৩ ও ১৬৯! সত্যিই বিস্ময়কর! টেস্ট ক্রিকেটে ব্যাটসম্যানদের ব্যাট কিছুতেই কথা বলছে না! সিলেট টেস্টে জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামলেও চতুর্থ দিনে এসেই ১৫১ রানে হার দেখল বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে এই ব্যর্থতার কোন অজুহাত দাড় করাচ্ছেন না মাহমুদউল্লাহ রিয়াদ।
বাংলাদেশ অধিনায়ক ঘুরে দাঁড়ানোতেই সমাধান খুঁজছেন। মঙ্গলবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ দাবি করলেন, বলছিলেন, ‘আমরা হয়তো বেশ কয়েকটি ইনিংস, পাঁচ-ছয়টি (টানা আট) ইনিংসে রান করতে পারিনি। দায়িত্ব নিয়ে খেলতে পারিনি আমরা। তবে বোলাররা বেশ ভাল বোলিং করেছে। প্রতিপক্ষকে অল্প রানে আটকে ফেলছে। ব্যাটসম্যানরা ভাল করছে না। ওয়ানডে ফরম্যাটে ভাল ছন্দে আছে। কিন্তু ওই ডিসিপ্লিন হয়তো টেস্ট ক্রিকেটে নিতে পারছি না আমরা।’
মাহমুদউল্লাহ মনে করছেন এটা গভীর চিন্তার বিষয়। সিরিজে টাইগারদের টেস্ট অধিনায়ক জানান, ‘দেখুন, অবশ্যই এটা চিন্তার বিষয়। আমাদের এটা খুব ভালোভাবে চিন্তা করতে হবে। কারণ এভাবে ব্যাট করতে থাকলে মনে হয় না আমরা টেস্ট ক্রিকেটে কোনো অবস্থানে থাকব। আমাদের অবশ্যই শক্তভাবে ঘুরে দাঁড়াতে হবে। এভাবে টেস্ট ক্রিকেট খেলার কোনো মানে হয় না।’
সিলেটের এই ব্যর্থতা ঢাকায় কাটিয়ে উঠার সুযোগ থাকছে বাংলাদেশের। ১১ নভেম্বর মিরপুরের হোম অব ক্রিকেটে শুরু সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সেখানেই ঘুরে দাঁড়াতে চায় দল।


