ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দুঃসময়ে এ যেন স্বস্তির পরশ! করোনাভাইরাসে যখন যাপিত জীবন দিশেহারা তখন মিলল সুখবর। এনামুল হক বিজয়ের পরিবারে বইছে খুশির হাওয়া। প্রথমবারের মতো বাবা হয়েছেন জাতীয় দলের এই তারকা ক্রিকেটার। নিজেই সেই সুখবরটা জানালেন তিনি।
প্রাণঘাতি ভাইরাসের সংক্রমণের পর থেকে বাসাতেই গৃহবন্ধী ছিলেন তিনি। এবার সেই ঘরবন্ধী মানুষদেরই সুখবর দিলেন এনামুল জানালেন তার ঘরে এসেছে ফুটফুটে এক রাজকন্যা। মেয়ের বাবা হয়েছেন তিনি। কিছুদিন আগে এভাবেই খুশির খবর শুনিয়েছেন জাতীয় দলের দুই ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসান। তারা দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন। আর এনামুল হলেন প্রথমবারের মতো
এই ক্রিকেটারের স্ত্রী ফারিয়া ইয়াসমিন ইরা কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। রাজধানী ঢাকার একটি হাসপাতালে জন্ম হয়েছে শিশুটির। মা ও সন্তান দু’জনই সুস্থ আছেন। ২০১৭ সালে বিয়ে করেন এনামুল-ফারিয়া।
সামাজিক মাধ্যম ফেসবুকে সুখবর জানান এনামুল হক বিজয়। অফিসিয়াল পেজে তিনি লিখেছেন ‘একটু আগে আমি যখন তোমার নিষ্পাপ মুখটা প্রথমবারের মতো দেখলাম, তখন মনে হচ্ছে আমার জীবন আগের চেয়ে অনেক বেশি সুন্দর ও অর্থপূর্ণ হলো। তোমার হাত-পায়ের পাতা, ছোট ছোট আঙুলগুলো এতো সুন্দর যা ভাষার প্রকাশ করার না। তুমি আমার জন্য আল্লাহর দেওয়া আর্শীবাদ ও দামি উপহার। তুমি আমারই একটা অংশ। আমার ছোট্ট আম্মু! আমার পরী! আমার রাজকন্যা, মাশাল্লাহ!’
সঙ্গে যোগ করেন, আলহামদুল্লিলাহ, আজ আমি বাবা হয়েছি। আমরা বাবা-মা হয়েছি। আমাদের সদ্যজাত কন্যা সন্তানের জন্য সবাই দোয়া করবেন।’



