মিরপুরে আজ বিসিএল ফাইনালে মুখোমুখি উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চল। ফাইনালের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হন জাতীয় দলের ব্যাটার সাইফ হাসান। সেখানে নানা প্রসঙ্গে কথা বলেন তিনি।
এই আয়োজনের আগে ফিরে এলো ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রসঙ্গ। যেখানে নিরাপত্তা ইস্যুতে খেলেনি বাংলাদেশ দল। এই হতাশা থেকেই সাইফ বলেন, ‘সবাই আসলে (টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলা) মন খারাপ করেছে। এখানে অস্বীকার করার কিছু নেই। তবে পেশাদার ক্রিকেটার হিসেবে আমাদের সেটা কাটিয়ে ওঠা জরুরি। সামনে যেহেতু ওয়ানডে খেলাতে ঢুকে যাচ্ছি, ওয়ানডে বিশ্বকাপ আছে, এটার জন্য যত তাড়াতাড়ি প্রস্তুতি নিতে পারি, আমাদের জন্য ভালো।”
বগুড়া-রাজশাহী অঞ্চলের ব্যাটিং-বান্ধব উইকেটে চলা বিসিএল ওয়ানডে লিগে কেবল ৩৩ রান করেছেন সাইফ। ফাইনাল হবে মিরপুরে, যেখানে ১১ থেকে ১৩ মার্চ বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ‘বগুড়া-রাজশাহীতে তো সাধারণত ভালো উইকেট থাকে। মিরপুরে কাল যেহেতু দিবারাত্রির ম্যাচ, আশা করি ভালো উইকেট থাকবে। একটা সিরিজের আগে যদি ম্যাচের অনুশীলন থাকে, ব্যাটার হিসেবে অবশ্যই ভালো একটা সুযোগ। ম্যাচ যেখানেই খেলি না কেন, শতভাগ দেওয়ার চেষ্টা করি।’
সাইফ আশা করছেন, ওয়ানডে সিরিজেও এমন স্পোর্টিং উইকেট থাকবে, যা ব্যাটার ও বোলার উভয়ের জন্যই উপকারী হবে। তিনি বলেন, ‘তখন কী উইকেট থাকবে জানি না। তবে সবশেষ যে টি-টোয়েন্টি টুর্নামেন্টগুলো খেললাম উইকেট ভালো ছিল। যদি সেরকম স্পোর্টিং উইকেট থাকে, ব্যাটার-বোলার উভয়েরই উপকার হবে।’
২০২৪ থেকে ২০২৫ পর্যন্ত বাংলাদেশ ৬ ওয়ানডে সিরিজ খেলেছে, তবে জয় এসেছে মাত্র দুইটিতে। গত বছরের অক্টোবরে আবুধাবিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ হোয়াইটওয়াশ হয়, যার প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়ের ওপর। বর্তমানে ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ১০ নম্বরে অবস্থান করছে, রেটিং পয়েন্ট ৭৬।
বিসিএল ফাইনালকে সাইফসহ জাতীয় ক্রিকেটাররা ওয়ানডে সিরিজের প্রস্তুতির শেষ বড় সুযোগ হিসেবে দেখছেন, যেখানে শতভাগ পারফরম্যান্স দিয়ে জাতীয় দলের সামনে আসন্ন চ্যালেঞ্জে নিজেকে তৈরি করা যাবে।










Discussion about this post