২০২৬ এশিয়ান গেমসের ক্রিকেটে প্রথম রাউন্ডের বাধা পেরোতে হবে না বাংলাদেশকে। টুর্নামেন্টের ড্র অনুযায়ী, পুরুষদের বিভাগে বাংলাদেশ সরাসরি কোয়ার্টার-ফাইনালে খেলবে। একই সুবিধা পেয়েছে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কাও। ফলে প্রাথমিক পর্বে না খেলেই শেষ আট থেকে শিরোপা অভিযানে নামবে দক্ষিণ এশিয়ার চার পরাশক্তি।
আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়া শহরে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমসের ক্রিকেট প্রতিযোগিতা। বৃহস্পতিবার প্রকাশিত ড্র অনুযায়ী, পুরুষদের বিভাগে ১০টি এবং নারীদের বিভাগে আটটি দল অংশ নেবে। সব ম্যাচই অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।
পুরুষদের প্রথম রাউন্ডে ছয়টি দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে লড়বে। ‘এ’ গ্রুপে রয়েছে ২০২৩ আসরের রৌপ্যজয়ী আফগানিস্তান, জাপান ও নেপাল। ‘বি’ গ্রুপে খেলবে হংকং, মালয়েশিয়া ও ওমান। দুই গ্রুপের শীর্ষ দুটি দল কোয়ার্টার-ফাইনালে উঠে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে যোগ দেবে। পুরুষদের প্রতিযোগিতা চলবে ২৪ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত।
অন্যদিকে নারীদের বিভাগে প্রতিযোগিতা শুরু হবে সরাসরি কোয়ার্টার-ফাইনাল দিয়ে। সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ চীন। এছাড়া ভারত খেলবে জাপানের বিপক্ষে, শ্রীলঙ্কার প্রতিপক্ষ মালয়েশিয়া এবং পাকিস্তান মুখোমুখি হবে থাইল্যান্ডের। নারীদের ইভেন্ট অনুষ্ঠিত হবে ১৭ থেকে ২২ সেপ্টেম্বর।
উল্লেখ্য, সর্বশেষ ২০২৩ সালের এশিয়ান গেমসে পুরুষ ও নারী—উভয় বিভাগের ক্রিকেটে স্বর্ণপদক জিতেছিল ভারত।



