ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
মুশফিকুর রহিমের অসাধারণ ব্যাটিংয়ে রবিবার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ভারতকে হেসেখেলে হারিয়েছে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই ফুরফুরা টিম টাইগার্স। সোমবার সকালে দিল্লি ছেড়ে রাজকোটের উদ্দেশ্যে রওনা হওয়ায় সময় ঠিক তেমন চিত্র দেখা গেল সফরকারীদের শরীরি ভাষায়ও। এবার তাদের লক্ষ্য, ভারতের মাটিতে প্রথমবারের মতো সিরিজ জেতা। দলের তরুণ লেগ স্পিনার লেগ স্পিনার আমিনুল ইসলাম আশাবাদী, কঠিন এ কাজটা তারা করতে পারবেন।
রবিবার পাওয়ার প্লের পরের ওভারে আক্রমণে এসেই আমিনুল চমকে দেন। সপ্তম ওভারের তৃতীয় বলটি ভালো জায়গায় পড়ে টার্ন করে বেরিয়ে যাচ্ছিল। ব্যাটসম্যান কে এল রাহুল তালগোল পাকিয়ে কাভারে মাহমুদউল্লাহর হাতে তুলে দেন সহজ ক্যাচ। শ্রেয়াস আয়ার উইকেটে এসে আমিনুলকে চার-ছক্কার চাপে ফেলার চেষ্টা করেন। কিন্তু ১১তম ওভারে ভয়ংকর আয়ারকেই বাউন্ডারি লাইনে মোহাম্মদ নাঈম শেখের দুর্দান্ত ক্যাচে পরিণত করেন।
গত সেপ্টেম্বরে অভিষেকেই ভালো করেছিলেন আমিনুল। কিন্তু দুর্বল প্রতিপক্ষ জিম্বাবুয়ে ছিল বলে অনেকে হয়তো সেভাবে গুরুত্ব দেননি তাঁকে। কিন্তু কাল ভারতের বিপক্ষে ৩ ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট নিয়ে আমিনুল বুঝিয়েছেন, শক্তিশালী দলের বিপক্ষেও আলো ছড়াতে জানেন। আমিনুলের কাছে দুটি ম্যাচই সমান তাৎপর্যপূর্ণ, ‘অভিষেক ম্যাচ তো অভিষেক ম্যাচই! অভিষেক ম্যাচে ভালো করাটা খুব জরুরি ছিল। আর ভারত অনেক বড় দল। তাদের সঙ্গে ভালো করাটা ভীষণ আনন্দের।’
বাংলাদেশ যদি রাজকোটেই নিষ্পত্তি করে ফেলে টি-টোয়েন্টি সিরিজটা। তাহলে আনন্দ আরও বেড়ে যাবে। কিন্তু সেটি কি সম্ভব? আমিনুল আশা দিচ্ছেন, ‘হ্যাঁ, আমাদের লক্ষ্য ম্যাচ ধরে ধরে এগোনো। পরের ম্যাচটা ভালো খেলতে পারলে আশা করি সিরিজ জিতব।’
আন্তর্জাতিক ক্রিকেটে ঝলক দেখাচ্ছেন আমিনুল। কিন্তু তার সামনে যে অপেক্ষা করছে কঠিন সময়। ১৯ বছর বয়সী লেগ স্পিনার হিসেবে এই চ্যালেঞ্জ নিতে তৈরি, ‘ভালো দলের সঙ্গে খেলতে গেল সব সময়ই চ্যালেঞ্জ থাকে। আমাদের কোচ ডেনিয়েল ভেট্টোরি আছে। তাঁর সঙ্গে আলাপ করব, কীভাবে এগোনো যায়, আরও উন্নতি করা যায়।’



