পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর আপাতত ছুটিতে যাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা। ঈদের বিরতি কাটিয়ে আবারও ক্যাম্পে ফিরবেন তারা। কারণ সামনে অপেক্ষা করছে আরেকটি আন্তর্জাতিক সিরিজ। আগামী মাসেই সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল।
সোমবার সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সফরে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি–টোয়েন্টি ম্যাচ খেলবে কিউইরা। সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ঢাকা ও চট্টগ্রামে।
সূচি অনুযায়ী, আগামী ১৩ এপ্রিল ঢাকায় পৌঁছাবে নিউজিল্যান্ড দল। এরপর ১৭ এপ্রিল মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। একই ভেন্যুতে ২০ এপ্রিল অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ।
ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৩ এপ্রিল চট্টগ্রামে। তিনটি ম্যাচই শুরু হবে দুপুর ২টায়।
ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর শুরু হবে টি–টোয়েন্টি সিরিজ। ২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামে অনুষ্ঠিত হবে প্রথম দুটি টি–টোয়েন্টি ম্যাচ, যা শুরু হবে সন্ধ্যা ৬টায়। এরপর ২ মে সিরিজের তৃতীয় ও শেষ টি–টোয়েন্টি ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।
নিউজিল্যান্ডের সফর সূচি
তারিখ ম্যাচ সময় ভেন্যু
১৭ এপ্রিল ১ম ওয়ানডে দুপুর ২টা মিরপুর
২০ এপ্রিল ২য় ওয়ানডে দুপুর ২টা মিরপুর
২৩ এপ্রিল ৩য় ওয়ানডে দুপুর ২টা চট্টগ্রাম
২৭ এপ্রিল ১ম টি-টোয়েন্টি সন্ধ্যা ৬টা চট্টগ্রাম
২৯ এপ্রিল ২য় টি-টোয়েন্টি সন্ধ্যা ৬টা চট্টগ্রাম
২ মে ৩য় টি-টোয়েন্টি দুপুর ২টা মিরপুর










Discussion about this post