ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
পুরো টুর্নামেন্টেই ব্যর্থ ছিলেন তিনি। ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে নিজের প্রথম ম্যাচে করেন ১০ রান। পরের চার ইনিংসে দেখা পান নি দুই অঙ্কের। চার ইনিংস মিলিয়ে করেন ৩ রান, দুইবার আউট শূন্য রানে। সেই লরি ইভান্স সোমবার অসাধারণ এক ইনিংস খেললেন। রাজশাহী কিংসের ওপেনার পেয়েছেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ইংলিশ ডানহাতি ব্যাটসম্যানের ব্যাটে এসেছে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম সেঞ্চুরি।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কুমিল্লার বিপক্ষে ৩ উইকেটে ১৭৬ রান করে রাজশাহী। আর ইভান্স অপরাজিত ১০৪ রানে। তার সৌজন্যে ষষ্ঠ আসরে ২৩তম ম্যাচে এসে প্রথম সেঞ্চুরি দেখা গেল বিপিএল।
সোম চটজলদি ৩ উইকেট হারানো রাজশাহীর শুরুটা ছিলো ধীর গতির। ইভান্সও খেলেছেন দেখে-শুনে। ৪০ বলে করেন ফিফটি। ৬১ বলে সেঞ্চুরি করেন তিনি। ৬২ বলে ৬ ছক্কা ও ৯ চারে অপরাজিত ১০৪ রান। ইভান্সের সেঞ্চুরিতে কুমিল্লা ভিক্টারিয়ান্সকে ৩৮ রানে হারিয়েছে রাজশাহী কিংস। পয়েন্ট টেবিলে দুই দলেরই অর্জন ৭ ম্যাচে চার জয়।
সব মিলিয়ে এটি বিপিএল ইতিহাসে ১৩তম শতরান। নবম ক্রিকেটার হিসেবে শতরান করলেন। সর্বোচ্চ পাঁচটি সেঞ্চুরি আছে ক্রিস গেইলের।


