ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
নতুন এক উচ্চতায় নোভাক জোকোভিচ। বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামে আরো একবার দাপট এই সার্বিয়ান তারকার। আগে ছয়বার ফাইনালে উঠে ছয়বারই জিতেছেন পুরুষ এককের শিরোপা। এবারো মিস হলো না। আরেক কিংবদন্তি রাফায়েল নাদালকে হারিয়ে জিতে নিয়েছেন অস্ট্রেলিয়ান ওপেন টেনিসের শিরোপা।
অস্ট্রেলিয়ান ওপেন জিতে গড়লেন ইর্ষনীয় এক রেকর্ড।দুই কিংবদন্তি রয় এমারসন ও রজার ফেদেরারকে টপকে পুরুষ এককে সর্বোচ্চ সাতবার চ্যাম্পিয়ন হয়েছেন জোকোভিচ। ৩১ বছর বয়সী এই মহাতারকা ২০১৮ সালে জিতেছেন উইম্বলডন ও ইউএস ওপেন। রোববার পেলেন অস্ট্রেলিয়ান ওপেন। টানা তৃতীয় ও মোট ১৫টি গ্র্যান্ড স্ল্যাম ট্রফি জিতলেন তিনি।
মেলবোর্ন পার্কে রড লেভার অ্যারেনায় ফাইনালে জোকোভিচ ৬-৩, ৬-২, ৬-৩ গেমে হারান নাদালকে। ১৭টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী স্প্যানিয়ার্ডকে পাত্তা দেননি জোকো।
এই সাফল্যে মার্কিন কিংবদন্তি পিট সাম্প্রাসকে পেছনে ফেলে পুরুষ এককে গ্র্যান্ড স্ল্যাম জয়ের তালিকায় তৃতীয় স্থানে জোকোভিচ। রজার ফেদেরার (২০) ও রাফায়েল নাদাল (১৭) এখন সামনে তার। এ বছরের ফ্রেঞ্চ ওপেনে ট্রফি পেলেই টানা চারটি গ্র্যান্ড স্লাম জিতবেন জোকোভিচ। একমাত্র খেলোয়াড় হিসেবে সবগুলো গ্র্যান্ড স্লাম অন্তত দুইবার করে জয়ের রেকর্ড গড়বেন তিনি।



