সিরিজ আয়োজন নিয়ে যে অনিশ্চয়তা ছিল সেটা কেটে গেছে। আগামী জুনে ভারতের মাঠে আফগানিস্তানের বিপক্ষে ক্রিকেট সিরিজ খেলতে নামবে বাংলাদেশ। সিরিজ হবে টি-টুয়েন্টি ফরম্যাটে। যদিও এখনো সিরিজটির সূচি ঠিক হয়নি। এনিয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানালেন, চলতি সপ্তাহের মধ্যেই প্রকাশিত হবে বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার সিরিজের সূচি।
বাংলাদেশের প্রতিনিধি সাব্বির খান সূচি আর ম্যাচ নিয়ে কথা বলতে গেছেন। আকরাম জানান, ‘সাব্বির আলোচনা করে ফিরলেই সব জানাতে পারবো। তখনই জানতে পারবো কোন ভেন্যুতে খেলা হবে, কটি হবে।’
এখনো অবশ্য আফগানিস্তান সিরিজের প্রাথমিক দল ঘোষণা হয়নি। তবে ১৩ মে থেকে শুরু হবে প্রস্তুতি ক্যাম্প। আর জুনের প্রথম সপ্তাহেই আফগান সিরিজের জন্য দল ঘোষণা করা হবে। তার আগে প্রাথমিক দলে ৩০ জনের বেশিও থাকতে পারে। এনিয়ে অবশ্য বেশ লুকোচাপা করছে বিসিবি। গত শনিবারেই দল ঘোষণার কথা থাকলেও সেটা শেষ মুহুর্তে বাদ করে দেয় তারা।
আফগানদের সঙ্গে সিরিজের পরই ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ। সব মিলিয়ে সামনে ব্যস্ত সূচি অপেক্ষা করছে টাইগারদের।



