বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) নেতৃত্বে নাটকীয় পরিবর্তনের পর উত্তেজনা ছড়িয়েছে আন্তর্জাতিক পরিসরে। সদ্য অপসারিত বিসিবি সভাপতি ফারুক আহমেদ অভিযোগ করেছেন- তাকে জোরপূর্বক ও বেআইনিভাবে পদচ্যুত করা হয়েছে। তিনি বিষয়টি আইসিসির কাছে লিখিতভাবে জানিয়েছেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
দেশের একাধিক গণমাধ্যমে ফারুক বলেন, ‘আমার সঙ্গে অন্যায় হয়েছে। আমি স্বেচ্ছায় পদত্যাগ করিনি। আমাকে জোর করে সরানো হয়েছে। আমি আইসিসির সভাপতি জয় শাহ এবং অন্তত সাতজন পরিচালককে বিষয়টি জানিয়েছি।’
বিসিবির আটজন পরিচালক অনাস্থা জানালে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তাৎক্ষণিকভাবে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করে। এর ফলে তিনি স্বয়ংক্রিয়ভাবে সভাপতির পদ হারান। এই প্রক্রিয়া নিয়েই প্রশ্ন তুলেছেন ফারুক। আইসিসির নীতিমতে, কোনো বোর্ডে সরকারি হস্তক্ষেপ প্রমাণিত হলে নিষেধাজ্ঞা আসতে পারে। ফারুক আরও বলেন, ‘এটি শুধু বিসিবির বিষয় নয়, এটি দেশের ক্রিকেটের ভবিষ্যতের প্রশ্ন। আমি লড়াই করব শেষ পর্যন্ত।’
এই বিশৃঙ্খলার মাঝেই আজ শুক্রবার বিসিবি সভায় আমিনুল ইসলাম বুলবুলকে নতুন অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে ঘোষণা দেওয়া হবে। বিসিবি সূত্র জানায়, আজকের সভায় সভাপতির দায়িত্ব গ্রহণের মাধ্যমে নেতৃত্ব হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে। ফারুক আহমেদকে বাদ রেখেই এই সভা অনুষ্ঠিত হবে।



