ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ইনজুরিতে অনেকটা হারিয়েই গিয়েছিলেন তিনি। মাঠের বাইরে ছিলেন লম্বা সময়। তবে ফিরেই সেই পুরনো ছন্দের দেখা মিলল। মুস্তাফিজুর রহমান বুঝিয়ে দিয়েছেন অস্ত্রোপচার তার পারফরম্যান্সে কোন প্রভাবই ফেভলতে পারেনি। ২০১৮ সালে সাফল্যের পথ ধরে এবার পেয়েছেন আরেকটি স্বীকৃতি।
আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা পেয়েছেন কার্টার মাস্টার।
২০১৮ সালের টেস্ট ও ওয়ানডের সেরা একাদশের নাম ঘোষণা করেছে আইসিসি। দুটি দলের নেতৃত্বেই ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা হয়নি অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের কোন ক্রিকেটারের।
২০১৮ সালে ২১.৭২ গড়ে ২৯ উইকেট নেন মুস্তাফিজ। এশিয়া কাপে ১৮.৫০ গড়ে ১০ উইকেট শিকার করেন দ্য ফিজ। ২০১৫ সালের আইসিসির বর্ষসেরা একাদশেও জায়গা করে নিয়েছিলেন তিনি।
আইসিসি বর্ষসেরা ওয়ানডে একাদশ-
রোহিত শর্মা (ভারত), জনি বেয়ারস্টো (ইংল্যান্ড), বিরাট কোহলি (অধিনায়ক, ভারত), জো রুট (ইংল্যান্ড), রস টেলর (নিউজিল্যান্ড), জস বাটলার (উইকেটরক্ষক, ইংল্যান্ড), বেন স্টোকস (ইংল্যান্ড), মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ), রশিদ খান (আফগানিস্তান), কুলদীপ যাদব (ভারত), ও জসপ্রীত বুমরা (ভারত)।


