বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব নেওয়ার পর এবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) গুরুত্বপূর্ণ দায়িত্বও পেলেন তামিম ইকবাল। আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির চেয়ারম্যান করা হয়েছে বাংলাদেশের সাবেক এই অধিনায়ককে। তার নেতৃত্বে বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের নীতিমালা, সমন্বয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাজ করবে কমিটিটি।
বুধবার এক বিবৃতিতে তামিমকে চেয়ারম্যান হিসেবে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। সংস্থাটি জানিয়েছে, বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগের চ্যাম্পিয়ন দলগুলোকে নিয়ে ভবিষ্যতে একটি ওয়ার্ল্ড ক্লাব টি-টোয়েন্টি আয়োজনের পরিকল্পনাও এই কমিটির আলোচ্য বিষয়গুলোর একটি।
নতুন দায়িত্বে তামিমের সঙ্গে কাজ করবেন বিশ্ব ক্রিকেটের সবচেয়ে প্রভাবশালী বোর্ডগুলোর শীর্ষ কর্মকর্তারা। কমিটিতে রয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিত সাইকিয়া, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড, ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান টড গ্রিনবার্গ এবং ক্রিকেট নামিবিয়ার ডা. রুডি ভন ভুরেন।
বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগের বিস্তার যেমন দ্রুত ঘটছে, তেমনি আন্তর্জাতিক ক্রিকেটের সূচি, ক্রিকেটারদের কাজের চাপ এবং তাদের সুরক্ষা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটি এসব বিষয় পর্যালোচনা করবে এবং প্রয়োজনীয় সুপারিশ দেবে। একই সঙ্গে সম্ভাব্য ওয়ার্ল্ড ক্লাব টি-টোয়েন্টির রূপরেখা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কমিটিটি।
আইসিসির সভায় বিভিন্ন সদস্য দেশের সাংগঠনিক বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থাটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নবনির্বাচিত সভাপতিকে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর পরিচালক হিসেবে স্বীকৃতি দিয়েছে।
অন্যদিকে শ্রীলঙ্কা ক্রিকেটকে দ্রুত নির্বাচিত কমিটি গঠনের আহ্বান জানানো হয়েছে। সে পর্যন্ত আইসিসি বোর্ডের সভায় প্রতিনিধিত্ব করতে পারবে না শ্রীলঙ্কা। সদস্যপদের শর্ত লঙ্ঘনের কারণে ফ্রান্স ক্রিকেটকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে, আর কানাডার স্থগিত সদস্যপদ পুনর্বহালের জন্য নির্দিষ্ট শর্ত পূরণের নির্দেশ দিয়েছে আইসিসি।
এ ছাড়া আর্থিক সংকটে থাকা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে সহায়তা দিতে ১২ দশমিক ৮২ মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় দেড়শ কোটি টাকার বেশি অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।
ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির পাশাপাশি আইসিসি নতুন একটি গভর্ন্যান্স রিভিউ কমিটিও গঠন করেছে। বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়ার নেতৃত্বাধীন এই কমিটিতে রয়েছেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ডা. মোহাম্মদ মুসাজি এবং আইসিসির স্বাধীন পরিচালক ডা. রস রিভাজ।










Discussion about this post