ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ওয়ানডে সিরিজ জয়ের পর বাংলাদেশের ক্রিকেটারদের আত্মবিশ্বাস ছিল তুঙ্গে। তারই পথ ধরে সিরিজের প্রথম টি-টুয়েন্টি ম্যাচে ভরাডুবি হলো টাইগারদের। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার একপেশে ম্যাচে ৮ উইকেটে হেরেছে সাকিব আল হাসানের দল। ১৩০ রানের টার্গে নেমে ৫৫ বল বাকি ম্যাচ জিতে নেয় ক্যারিবিয়রা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বড় হারের জন্য দলের বাজে ব্যাটিংয়ের কথাই বললেন নিল ম্যাকেঞ্জি। বাংলাদেশ ক্রিকেট দলের এই দক্ষিণ আফ্রিকান ব্যাটিং পরামর্শক বলেন, ‘আমার মনে হয় না, আমরা যথেষ্ট দ্রুত শিখছি। ইনিংসের শুরুতে (শেলডন) কটরেল আর (ওশান) টমাসের বলে বাড়তি গতি ছিল। জানতাম ওরা দ্রুত গতিতে বল করবে।’
এখানেই শেষ নয় ম্যাকেঞ্জি আরো বলেন, ‘সাকিব দেখিয়েছে আমরা ওদের গতি আরেকটু বেশি ব্যবহার করতে পারতাম। আমার মনে হয়, আমরা অতি আগ্রাসী ক্রিকেট খেলার চেষ্টা করেছিলাম। আমরা যখন বলের গতি ব্যবহার করতে পারতাম তা না করে চড়াও হতে চেয়েছিলাম।’
অবশ্য দল অনেক দিন পর ২০ ওভারের ক্রিকেট খেললো। সেই গত ৫ আগষ্ট টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। এই বিরতিটাই সমস্যার কারণ হয়েছে বলে মনে করেন ম্যাকেঞ্জি। বলেন, ‘আমরা বেশ কিছু দিন পর টি-টোয়েন্টি খেললাম। ৫০ ওভারের ক্রিকেট আর ২০ ওভারের ক্রিকেটে অনেক পার্থক্য আছে। নেটে প্রচুর বড় শট অনুশীলন করেছিলাম। তবে আপনার গেম প্ল্যান আর নির্দিষ্ট বোলারের ওপর আপনি কতটা কার্যকর হবেন তার ওপর এর সাফল্য নির্ভর করে। আপনার এমন বোলারদের বিপক্ষে চড়াও হতে হবে যাদের বলের গতি একটু কম।’
একইসঙ্গে দলের ব্যাটিং পরামর্শক আরো বলেন ‘বেশ কয়েকটা সিরিজ জিতেছে আমরা একটানা। দলের আত্মবিশ্বাস বেশ চড়া। তিন ধরনের ক্রিকেটেই আমরা ভালো ক্রিকেট খেলে আসছি। ব্যাটসম্যানদের ওপর আস্থা রেখেছিলাম। কিন্তু এটা হতাশার, তারা ভুলগুলো থেকে শিখতে পারল না।’


