ব্যস, খবরের মশলা পেয়ে গেলেন সাংবাদিকরা! ফের খবর রটেছে-বিয়ের বাদ্য তাহলে বাজল। এবার অবশ্য সত্যিকার অর্থেই গুঞ্জন রটে যাওয়ার মতো ঘঠনা ঘটল। আনুশকা শর্মার বাড়িতে গেলেন বিরাট কোহলির মা!
দু’জন যে চুটিয়ে প্রেম করছেন সেই খবরটা তো অনেকেরই জানা।
তাদের প্রেম নিয়ে সরব ভারতের মিডিয়া। কিছুদিন আগে ইংল্যান্ডে দু’জনকে এক ফ্ল্যাটেও আবিস্কার করেছিলেন সাংবাদিকরা। এনিয়ে সমালোচনার মুখে পড়তে হয় কোহলিকে। যাদের বাগদানই হয়নি তাদের একরুমে থাকার অনুমতি দেওয়া নিয়েও সরব দেশটির মিডিয়ার একটি অংশ। ভারতীয় সংস্কৃতিতে ‘লিভ টুগেদার’ এখনো স্বীকৃত নয়। বিয়ে ছাড়া একসঙ্গে থাকাটাকেও পাশ্চাত্যেও মতো স্বাভাবিক ভাবে দেখেন না মুষ্টিমেয় মানুষ।
ইংল্যান্ড-ভারত সিরিজ শুরুর আগ থেকেই কোহলির সঙ্গে ছিলেন আনুশকা। তিন সপ্তাহ লন্ডনের এক হোটেলকক্ষে ছিলেন এ দুই সেলিব্রেটি। খবরের সত্যতা স্বীকার করলেন দলের একজন কর্তা। বললেন, ‘তারা একসঙ্গে হোটেলে ছিল এ খবর সত্য। কারণ তারা বিয়ের পরিকল্পনা করছে। প্রেমিকাকে নিয়ে ক্রিকেটারদের সফরে যাওয়ার ঘটনা এই প্রথম নয়।’
তারপরও ভারতীয় এই ক্রিকেট তারকা পিছু হটেন নি। বলিউড নায়িকা আনুশকার সঙ্গে ধরে রেখেছেন সম্পর্ক।
এবার মনে হচ্ছে কোহলি-আনুশকা’র প্রেম পরিণয়ের দিকে। জানা গেল তারা এবার আংটি বদল করার কথা ভাবছেন। কোহলির মা আনুশকাদের বাড়িতে যাওয়ার পরই খবরটা জোড়ালো হল আরো।
কোহলির মা সরোজসহ পরিবারের অন্য সদস্যরা মিলে আনুশকার বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছেন। বিয়ে সংক্রান্ত বিষয় নিয়েই নাকি কথা বলেছে দুই পরিবার।
এভাবে ক্রিকেট তারকাদের সঙ্গে বলিউড নায়িকাদের সম্পর্কের গল্পটা নতুন নয়। শুরু শর্মিলা ঠাকুর-মনসুর আলী খান পতৌদি দিয়ে। এরপর প্রেমের স্রোতে ভেসেছেন সংগীতা বিজলানি-আজহার উদ্দিন, নিনা গুপ্তা-ভিভিয়ান রিচার্ডসসহ অনেকেই।
হালে যুবরাজ, জহির খানরাও কম যাচ্ছেন না!




























