জীবনের নতুন ইনিংস শুরু হচ্ছে মুশফিকুর রহীমের। বুধবার বাংলাদেশ অধিনায়কের গায়ে হলুদ। বৃহস্পতিবার বিয়ে।
এইতো গতবছরের অক্টোবরে মাহমুদউল্লাহ রিয়াদের শ্যালিকা জান্নাতুল কিফায়াত মন্ডিকে আংটি পড়িয়েছিলেন তিনি। এবার সেই সম্পর্কটা পুর্নতা পাচ্ছে।
জানা গেছে- রাজধানীতে বিমানবাহিনীর ফ্যালকন হলে গায়ে হলুদের অনুষ্ঠান হবে। এরপর বেইলি রোডের অফিসার্স ক্লাবে হবে বিয়ে। বাজবে সানাই।
২৭ সেপ্টেম্বর আর্মি গলফ ক্লাবের গলফ গার্ডেনে হবে বৌ-ভাত। সেই অনুষ্ঠানের আমন্ত্রনপত্র ঘুরে ঘুরে বিতরন করেছেন মুশফিকের বাবা-মা মাহবুব হামিদ এবং রহিমা খাতুন। যেখানে লেখা আছে- ‘শুভার্থী, আমাদের পুত্র মুশফিকুর রহিম এর সাথে জান্নাতুল কিফায়াত মন্ডি-কৃষিবিদ ফজলুর রহমান ভুইয়া ও নাজীনন অক্তার জলীর কন্যার সঙ্গে শুভ পরিনয় উপলক্ষ্যে আয়োজিত বধুবরন উৎসবে আপনাকে প্রীতিভোজে আমন্ত্রন জানাই।’ দেশের প্রধানমন্ত্রীসহ অনেক বিশিষ্টজনকে এরইমধ্যে আমন্ত্রণ জানিয়েছেন মুশফিক।
বুধবারের গায়েহলুদ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন জাতীয় দলের প্রায় সব সতীর্থরাই। গায়েহলুদের পুরো অনুষ্ঠানটি আয়োজন করছে ওয়েডিং ডায়েরি।
হবু স্ত্রী মন্ডির সঙ্গে মুশফিকের পরিচয় মাহমুদউল্লাহর গায়ে হলুদের অনুষ্ঠানে। এরপরই জানা-শোনা। ভাললাগা, প্রেম। তারপর পারিবারিকভাবেই এই সম্পর্ক বিয়েতে গড়াচ্ছে। মুশফিকের হবু স্ত্রী রাজধানীর প্রাইম বিশ্ববিদ্যালয়ের বিবিএ শিক্ষার্থী। মন্ডির বাবা কৃষিবিদ ফজলুর রহমান। মা নাজনীন আক্তার জলী।
নতুন জীবনে মুশফিক-মন্ডিকে অভিনন্দন। এ জুটি চিরস্থায়ী হোক…



