অস্ট্রেলিয়া সফরের শুরুটা একেবারেই সুখকর হয়নি বাংলাদেশের। টেস্ট সিরিজের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার একমাত্র প্রস্তুতি ম্যাচে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের কাছে ইনিংস ও ৩৮ রানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। প্রথম ইনিংসে মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরিতে ২৬৩ রান তুললেও দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ।
তবে প্রস্তুতি ম্যাচের এই বড় পরাজয় দিয়ে বাংলাদেশকে বিচার করতে নারাজ অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ট্রাভিস হেড। সোমবার অস্ট্রেলিয়ার অনুশীলন শুরুর আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশের সামর্থ্য নিয়ে সতর্ক অবস্থানের কথা জানান তিনি।
হেড বলেন, ‘প্রস্তুতি ম্যাচগুলো এমনই হয়ে থাকে। আমিও বছরের পর বছর ধরে এরকম কিছু বাজে ম্যাচ খেলেছি। এই ম্যাচগুলো সবসময়ই বেশ চ্যালেঞ্জিং, কারণ মানসিকভাব হয়তো আপনি অন্য কোথাও মনোযোগ দিয়ে রেখেছেন।’
প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ব্যাটিং বিপর্যয় ছিল রীতিমতো দৃষ্টিকটু। মাত্র একটি প্রথম শ্রেণির ম্যাচ খেলা ক্যাম্পবেল থমসনের পেস সামলাতে না পেরে ৫৪ রানেই অলআউট হয় সফরকারীরা। এর আগে প্রথম ইনিংসে মিরাজের সেঞ্চুরিতে বাংলাদেশ করেছিল ২৬৩ রান। জবাবে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ ৩৫৫ রান করে ৯২ রানের লিড নেয়। শেষ পর্যন্ত সেই লিডই যথেষ্ট হয়ে যায় ইনিংস ব্যবধানে জয়ের জন্য।
তবে বাংলাদেশের প্রথম ইনিংসের ব্যাটিংকে ইতিবাচকভাবেই দেখছেন হেড। তার মতে, প্রস্তুতি ম্যাচের ফল নিয়ে পড়ে না থেকে বাংলাদেশের ক্রিকেটারদের এখন মূল সিরিজের দিকেই মনোযোগ দেওয়া উচিত, ‘ক্রিকেট অস্ট্রেলিয়া দলকে ছোট না করেই বলছি- বাংলাদেশের ক্রিকেটাররা শুধু বৃহস্পতিবারের ম্যাচটি নিয়েই ভাববে। এই ম্যাচ থেকে তাদের কী অর্জন করা দরকার সেটা নিয়ে চিন্তিত থাকবে। প্রথম ইনিংসে তারা ভালো খেলেছে, ২৭০-এর মতো রান করেছে। একজন সেঞ্চুরিও পেয়েছে। তাই বাইরে থেকে দেখতে ফলাফল যেমনই লাগুক না কেন, তারা হয়তো কিছুটা হতাশ হতে পারে, তবে দল হিসেবে ভেতর থেকে তারা শুধু বৃহস্পতিবারের ম্যাচটি নিয়েই চিন্তা করছে।’
প্রস্তুতি ম্যাচের ধাক্কা সামলে এখন মূল সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছে দুই দল। আগামী বৃহস্পতিবার ডারউইনে শুরু হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রায় ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। একই সঙ্গে ২০১৭ সালের পর টেস্টে আবার মুখোমুখি হচ্ছে দুই দল।
এই সিরিজে অস্ট্রেলিয়ার জন্য বাংলাদেশ দল অনেকটাই অপরিচিত। গত জুনে দুই দল ওয়ানডে সিরিজে মুখোমুখি হলেও অস্ট্রেলিয়ার টেস্ট দলের বেশির ভাগ ক্রিকেটার সেখানে ছিলেন না। তাই প্রতিপক্ষকে বোঝার ক্ষেত্রে ভিডিও বিশ্লেষণের ওপরও গুরুত্ব দিচ্ছে স্বাগতিকরা।
বৃহস্পতিবার দুই দল সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে।



