বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্রে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর লক্ষ্য শীর্ষ পাঁচে থেকে শেষ করা। তবে সেই লক্ষ্যকে আরও এক ধাপ এগিয়ে দেখছেন বাংলাদেশ দলের কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তার বিশ্বাস, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সফরে ভালো ফলের সঙ্গে ঘরের মাঠের ম্যাচগুলোতে প্রত্যাশিত সাফল্য এলে শীর্ষ তিনে জায়গা করে নেওয়াও সম্ভব।
বাংলাদেশের সামনে এখন অপেক্ষা করছে কঠিন দুই বিদেশ সফর। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকায় দুটি করে মোট চারটি টেস্ট খেলবে টাইগাররা। এশিয়ার বাইরের কন্ডিশনে এই চারটি ম্যাচ বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হলেও দলের সাম্প্রতিক পারফরম্যান্স সালাউদ্দিনকে আশাবাদী করে তুলেছে।
রোববার (২ আগস্ট) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে টেস্ট দল নিয়ে নিজের আস্থার কথা জানিয়ে সালাউদ্দিন বলেন, ‘আমি টেস্ট দল নিয়ে সবসময় আশাবাদী। টেস্ট যারা খেলে তারা নিজেদের নিয়ে সচেতন, নিজেদের কাজ ভালোভাবে জানে এবং গোছানো। ভালো না হওয়ার যুক্তি দেখি না। ইচ্ছা বলুন বা লক্ষ্য, প্রেক্টিকেল ভালো কিছু চিন্তা করে।’
অভিজ্ঞ ক্রিকেটারদের ওপর ভরসা রেখে সালাউদ্দিন মনে করেন, বিদেশের কঠিন চারটি টেস্টে ভালো লড়াই করতে পারলে এবং ঘরের মাঠে বাকি ম্যাচগুলোতে পূর্ণ সাফল্য এলে টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষ তিনে জায়গা করে নেওয়া সম্ভব।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যেহেতু অভিজ্ঞ, বাইরে যে চারটা টেস্ট আসে, কিছু ম্যাচ যদি ভালো খেলতে পারি, আর দেশের বাকি ৪ ম্যাচ জিতে যাই তাহলে শীর্ষ তিনের মধ্যে থাকতে পারব।’
বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বাংলাদেশ রয়েছে চতুর্থ স্থানে। শীর্ষে আছে আসন্ন সিরিজের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা এবং তৃতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড। দুইবারের ফাইনালিস্ট ভারত অবস্থান করছে পঞ্চমে, আর শ্রীলঙ্কা রয়েছে ছয় নম্বরে।
আগামী দুটি বিদেশ সফর তাই শুধু বাংলাদেশের সক্ষমতার পরীক্ষাই নয়, টেস্ট চ্যাম্পিয়নশিপে আরও ওপরে ওঠার লড়াইয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সালাউদ্দিনের বিশ্বাস, পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে শীর্ষ তিনের স্বপ্ন অধরাই থাকবে না।



