লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ব্যাটিং অর্ডারে উন্নতি হলেও সেটি কাজে লাগাতে পারলেন না মেহেদী হাসান মিরাজ। গল গ্যালান্টসের হয়ে এবার ওপেনিংয়ে নামার সুযোগ পেলেও ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের এই স্পিনিং অলরাউন্ডার। ক্যান্ডি রয়্যালসের বিপক্ষে মাত্র ৫ রান করে সাজঘরে ফেরেন তিনি।
শনিবার ডাম্বুলায় ১৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংস শুরু করেন মিরাজ। প্রথম ওভারের পঞ্চম বলে বিজয় শঙ্কারকে লেগ সাইড দিয়ে চার মেরে ইতিবাচক সূচনা করেন। তবে পরের ওভারের তৃতীয় বলেই তার ইনিংসের ইতি ঘটে। নুয়ান থিসারার ইয়র্কারে বোল্ড হয়ে ৫ বলে ৫ রান করে ফিরে যান তিনি।
অলরাউন্ডার হলেও এ ম্যাচে মিরাজকে বোলিংয়ে ব্যবহার করেনি গল গ্যালান্টস। এর আগে এবারের এলপিএলে তিন ম্যাচের মধ্যে দুই ম্যাচে বল হাতে সুযোগ পেলেও কোনো উইকেটের দেখা পাননি তিনি।
ব্যাট হাতেও এখন পর্যন্ত প্রত্যাশা পূরণ করতে পারেননি মিরাজ। টুর্নামেন্টের প্রথম ম্যাচে জাফনা কিংসের বিপক্ষে করেছিলেন ১০ রান। এরপর কলম্বো ক্যাপ্সের বিপক্ষে আসে ১৩ রান এবং ডাম্বুলা সিক্সার্সের বিপক্ষে করেন ১৬ রান। ক্যান্ডি রয়্যালসের বিপক্ষে ৫ রানের ইনিংসের পর চার ম্যাচে তার রানসংখ্যা দাঁড়াল ৪৪।
ব্যাটিং অর্ডারে ওপরে ওঠার সুযোগ পেলেও ধারাবাহিকভাবে বড় ইনিংস খেলতে না পারায় এলপিএলে এখন পর্যন্ত নিজের সামর্থ্যের প্রতিফলন ঘটাতে পারেননি বাংলাদেশের এই অলরাউন্ডার।



