লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) প্রথম দুই ম্যাচে ধারাবাহিকভাবে অবদান রাখার পর তৃতীয় ম্যাচে ব্যর্থতার স্বাদ পেলেন সাকিব আল হাসান। বল হাতে একটি উইকেট পেলেও ব্যাট হাতে গোল্ডেন ডাক মেরে ফিরেছেন বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার। আর তার দল জাফনা কিংসও গল গ্যালান্টসের কাছে ৬০ রানের বড় ব্যবধানে হেরেছে।
ডাম্বুলায় টস হেরে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯৩ রান তোলে গল গ্যালান্টস। পাওয়ারপ্লের শেষ ওভারে আক্রমণে এসে শুরুটা ভালো হয়নি সাকিবের। প্রথম ওভারেই তার বিপক্ষে দুটি ছক্কা হাঁকান অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ক্রিস লিন। তবে ওভারের শেষ তিন বলে মাত্র এক রান দিয়ে ঘুরে দাঁড়ান তিনি।
নিজের দ্বিতীয় ওভারে আরও নিয়ন্ত্রিত বোলিং করেন সাকিব। ইনিংসের নবম ওভারে মাত্র ৫ রান দেন তিনি। এরপর ১১তম ওভারে দাসুন শানাকাকে আউট করে প্রতিশোধও নেন। লং অফে ইব্রাহিম জাদরানের ক্যাচে ফেরেন গলের অধিনায়ক। শেষ পর্যন্ত ৩ ওভারে ২৭ রান খরচ করে একটি উইকেট নিয়েই বোলিং শেষ করেন সাকিব।
১৯৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে জাফনা কিংস। আগের ম্যাচে আট নম্বরে ব্যাটিংয়ে নামলেও এদিন সাকিবকে চার নম্বরে পাঠানো হয়। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। স্পিনার থারিন্দু রাত্নানায়েকের প্রথম বলেই বোল্ড হয়ে গোল্ডেন ডাকের তিক্ত অভিজ্ঞতা নিয়ে মাঠ ছাড়েন বাঁহাতি এই অলরাউন্ডার।
সাকিবের দ্রুত বিদায়ের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি জাফনা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৩৩ রানেই গুটিয়ে যায় দলটি। ফলে ৬০ রানের বড় জয় তুলে নেয় গল গ্যালান্টস।
এলপিএলের চলতি আসরে এটি ছিল সাকিবের তৃতীয় ম্যাচ। প্রথম ম্যাচে ডাম্বুলা সিক্সার্সের বিপক্ষে ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা পারফরম্যান্স উপহার দিয়েছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচে কলম্বো ক্যাপ্সের বিপক্ষে ব্যাট হাতে ৫ বলে অপরাজিত ১০ রান করার পাশাপাশি বল হাতে ২ ওভারে ১৯ রান দিয়ে একটি উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তবে তৃতীয় ম্যাচে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি বাংলাদেশের এই তারকা।
অন্যদিকে গল গ্যালান্টসের একাদশে এদিন জায়গা হয়নি বাংলাদেশের আরেক অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের। আগের তিন ম্যাচে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে না পারায় তাকে এই ম্যাচে বিশ্রামে রাখা হয়।



