ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ২০২৭ সালের আন্তর্জাতিক ক্রিকেট সূচি প্রকাশ করেছে। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী বছর ইংল্যান্ড সফর করবে বাংলাদেশ। সফরে লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলবে টাইগাররা। ম্যাচটি অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ২৮ মে থেকে ১ জুন পর্যন্ত।
দীর্ঘ ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে দ্বিপাক্ষিক টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। সর্বশেষ ২০১০ সালে ইংল্যান্ড সফর করেছিল টাইগাররা। সেই সফরের দুই ম্যাচের টেস্ট সিরিজের একটি ম্যাচও অনুষ্ঠিত হয়েছিল লর্ডসে। এরপর দীর্ঘ সময় কেটে গেলেও ইংল্যান্ডে আর কোনো দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ খেলার সুযোগ পায়নি বাংলাদেশ।
দুই দলের টেস্ট লড়াইয়ে এখন পর্যন্ত ১০টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে বাংলাদেশের একমাত্র জয়টি আসে ২০১৬ সালে মিরপুরে। ওই সিরিজের প্রথম টেস্টে চট্টগ্রামে জয় পেয়েছিল ইংল্যান্ড, তবে দ্বিতীয় টেস্টে দারুণ লড়াই করে ঐতিহাসিক জয় তুলে নেয় বাংলাদেশ।
বাংলাদেশের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো দেশের মাটিতে আরও নিয়মিত টেস্ট খেলার। আগামী মাসে ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাওয়ার পর ২০২৭ সালে ইংল্যান্ড সফরের সূচিও নিশ্চিত হলো। ফলে এক বছরের ব্যবধানে বিশ্বের দুই ঐতিহ্যবাহী ক্রিকেট ভেন্যুতে টেস্ট খেলার সুযোগ পাবে বাংলাদেশ।
সূচি প্রকাশের পর ইসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা রিচার্ড গুল্ড বলেন, বাংলাদেশ পুরুষ দলকে লর্ডসে একটি টেস্ট ম্যাচ এবং বাংলাদেশ নারী দলকে সাদা বলের সিরিজে স্বাগত জানাতে পেরে তারা আনন্দিত। তিনি জানান, ২০১০ সালের পর এই প্রথম নিজেদের মাঠে টেস্টে বাংলাদেশের মুখোমুখি হবে ইংল্যান্ড।
একই সফরে বাংলাদেশ নারী দলও ইংল্যান্ডে তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৮, ১০ ও ১২ সেপ্টেম্বর যথাক্রমে নর্থ্যাম্পটন, টনটন ও উরচেস্টারে। এরপর ১৭, ২১ ও ২৪ সেপ্টেম্বর হোভ, ক্যান্টারবুরি ও চেমসফোর্ডে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।










Discussion about this post