অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক উইকেটকিপার-ব্যাটার কামরান আকমল। তার মতে, বর্তমান বাংলাদেশ দলকে আর কোনোভাবেই সহজ প্রতিপক্ষ হিসেবে দেখার সুযোগ নেই। বরং ঘরের মাঠে টাইগারদের বিপক্ষে জয় পাওয়াকে এখন বিশ্বের যেকোনো দলের জন্য বড় চ্যালেঞ্জ বলেই মনে করেন তিনি।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে বাংলাদেশ। এবার দুই দলের মধ্যে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আজ (১৭ জুন) মাঠে গড়াবে প্রথম ম্যাচ। সিরিজ শুরুর আগে নিজের ইউটিউব চ্যানেলে বিশ্লেষণ করতে গিয়ে বাংলাদেশের সাম্প্রতিক উন্নতি, দলীয় ভারসাম্য এবং লড়াকু মানসিকতার প্রশংসা করেন কামরান।
তিনি বলেন, বর্তমান বাংলাদেশ দলকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তার মতে, বাংলাদেশের মাটিতে জেতা এখন অন্য দলগুলোর জন্য অনেক কঠিন, যেমন ভারতের মাটিতে জয় পাওয়াও সফরকারী দলগুলোর জন্য কঠিন হয়ে থাকে।
কামরানের মূল্যায়নে, বাংলাদেশ এখন আর আগের সেই অনভিজ্ঞ কিংবা আত্মবিশ্বাসহীন দল নয়। দীর্ঘ সময় ধরে গড়ে ওঠা এই দল এখন সাহসী ক্রিকেট খেলছে এবং তিন বিভাগেই নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে। বিশেষ করে পেস ও স্পিন আক্রমণের ভারসাম্য এবং ব্যাটিং ইউনিটের ধারাবাহিক উন্নতির কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের বর্তমান কম্বিনেশন অত্যন্ত শক্তিশালী।
সাবেক এই পাকিস্তানি ক্রিকেটারের মতে, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি তাদের আত্মবিশ্বাস ও সাহস। অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষেও যে তারা সমানতালে লড়াই করতে পারে, ওয়ানডে সিরিজে সেটিই প্রমাণ হয়েছে। এমনকি সিরিজের তৃতীয় ম্যাচেও অস্ট্রেলিয়াকে জয় পেতে শেষ ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
তবে অস্ট্রেলিয়ার সামর্থ্য নিয়েও যথেষ্ট শ্রদ্ধাশীল কামরান আকমল। তার বিশ্বাস, আন্তর্জাতিক ক্রিকেটে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে অস্ট্রেলিয়ার জুড়ি মেলা ভার। টি-টোয়েন্টি দলে মিচেল মার্শ, টিম ডেভিডের মতো তারকা ক্রিকেটারদের ফেরাও সফরকারীদের শক্তি বাড়াবে। তারপরও বাংলাদেশের বর্তমান ফর্ম, আত্মবিশ্বাস এবং ঘরের মাঠের সুবিধার কারণে টি-টোয়েন্টি সিরিজে অজিদের জন্য কঠিন পরীক্ষাই অপেক্ষা করছে বলে মনে করেন তিনি।
সাম্প্রতিক সময়ে ঘরের মাঠে ধারাবাহিক সাফল্য, কার্যকর পরিকল্পনা এবং শক্তিশালী বোলিং আক্রমণের কারণে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে বাংলাদেশ। বিশ্ব ক্রিকেটেও এখন নতুনভাবে মূল্যায়ন করা হচ্ছে টাইগারদের। কামরান আকমলের মন্তব্য সেই পরিবর্তিত বাস্তবতারই প্রতিফলন বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।
ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে আগেভাগেই সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। তৃতীয় ম্যাচে এক উইকেটের নাটকীয় জয়ে হোয়াইটওয়াশ এড়ায় অস্ট্রেলিয়া। এবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে ১৭, ১৯ ও ২১ জুন। সিরিজের সব ম্যাচই হবে চট্টগ্রামে।










Discussion about this post