অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপুটে পারফরম্যান্সে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৫ উইকেটের জয় তুলে নিয়ে স্মরণীয় এক সাফল্য অর্জন করেছে টাইগাররা। শক্তিশালী অস্ট্রেলিয়াকে স্পোর্টিং উইকেটে পরাস্ত করে বাংলাদেশের এই অর্জন প্রশংসা কুড়াচ্ছে ক্রিকেট বিশ্বজুড়ে।
গতকাল ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। তবে শুরু থেকেই বাংলাদেশি পেসারদের তোপের মুখে পড়ে সফরকারীরা। মাত্র শূন্য রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় অজিরা। এরপর মারনাস লাবুশেন ও জাভিয়ের বার্টলেটের দায়িত্বশীল ব্যাটিংয়ে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে দলটি। দুজনের ফিফটিতে ভর করে বৃষ্টি নামার আগে ৮ উইকেট হারিয়ে ১৮৭ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। বৃষ্টির কারণে সেখানেই শেষ হয় তাদের ইনিংস।
বৃষ্টির পর ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে বাংলাদেশের সামনে ৪১ ওভারে ১৯২ রানের লক্ষ্য নির্ধারণ করা হয়। লক্ষ্য তাড়ায় নেমে প্রথম ওভারেই তানজিদ হাসান তামিমের উইকেট হারালেও নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকারের ব্যাটে ম্যাচে ফেরে বাংলাদেশ। মাঝপথে কয়েকটি উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়লেও শেষ দিকে মেহেদী হাসান মিরাজ ও তাওহিদ হৃদয়ের দৃঢ় ব্যাটিংয়ে জয়ের পথ সহজ হয়ে যায়। শেষ পর্যন্ত ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন মিরাজ। ৫ উইকেটের এই জয়ে সিরিজও নিশ্চিত করে বাংলাদেশ।
বাংলাদেশের এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভারতের প্রখ্যাত ধারাভাষ্যকার হার্শা ভোগলে, যিনি দীর্ঘদিন ধরেই বাংলাদেশের ক্রিকেটের একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে পরিচিত।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘বাংলাদেশকে ভালো খেলতে দেখে ভালো লাগছে। দলটিতে আসলেই দারুণ কিছু প্রতিভাবান খেলোয়াড় আছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যদি তারা নিজেদের ব্যবহার করে পরে ছুঁড়ে ফেলে দেওয়ার সুযোগ না দিত, তাহলে (বিশ্বকাপে) তারা বড় ধরনের প্রভাব ফেলতে পারত।’
হার্শা ভোগলের এই মন্তব্যে উঠে এসেছে বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্সের প্রশংসার পাশাপাশি ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে আক্ষেপও। বিশ্বকাপে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেও বিভিন্ন কারণে বাংলাদেশ খেলতে পারেনি।










Discussion about this post