পাকিস্তানের ক্রিকেট দুনিয়া সাম্প্রতিক সময়ে এক বিরাট চাঞ্চল্যের মুখোমুখি। আন্তর্জাতিক ক্রিকেটার নাসিম শাহের একটি সোশ্যাল মিডিয়া পোস্টে হঠাৎই ঝড় ওঠে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মারিয়াম নওয়াজকে ব্যঙ্গ করে ‘লর্ডসের রাণী’ হিসেবে উল্লেখ করা এবং তা প্রকাশ করার পরপরই বিস্তর বিতর্ক সৃষ্টি হয়। নাসিম পোস্টটি পরে মুছে দেন, তবে এতক্ষণে তা ইতোমধ্যেই ভাইরাল হয়ে যায়।
ঘটনার পর নাসিম দাবি করেন, তার একাউন্ট হ্যাক হয়েছে। তবুও পিসিবি (পাকিস্তান ক্রিকেট বোর্ড) তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠায়। নাসিম নিঃশর্তে ক্ষমা চাইলেও ৩০ মার্চ তাকে ২ কোটি পাকিস্তানি রুপি জরিমানা করা হয়, যা প্রায় এক কোটি বাংলাদেশি টাকার সমান। বিশ্বের ক্রিকেট ইতিহাসে এত বড় জরিমানা নজিরবিহীন।
নাসিমের শাস্তি পাকিস্তান ক্রিকেটে নতুন একটি অধ্যায় খুলেছে। পিসিবি ঘোষণা করেছে, কেন্দ্রীয় চুক্তিতে থাকা সব ক্রিকেটারদের এখন থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো পোস্ট করতে হলে বোর্ডের মিডিয়া বিভাগের অনুমতি বাধ্যতামূলক। বিশেষভাবে, রাজনৈতিক বিষয় বা রাজনৈতিক ব্যক্তির সমালোচনা করলে অন্তত ১ কোটি রুপি জরিমানা দিতে হবে।
পিসিবি জানিয়েছে, এই নীতি ইতিমধ্যেই কেন্দ্রীয় চুক্তির অংশ হলেও আগের চেয়ে কঠোরভাবে তা প্রয়োগ করা হবে। বোর্ডের লক্ষ্য, ক্রিকেটাররা যেন দলের ভাবমূর্তিকে ক্ষুণ্ন না করে এবং কোনো রাজনৈতিক বিতর্কে জড়িয়ে না পড়ে। যদিও কিছু বিশ্লেষক মনে করছেন, এতে ক্রিকেটারদের বাকস্বাধীনতা সীমিত হতে পারে।
পিসিবির তদন্ত কমিটি নাসিমকে দুই বছর নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছিল। তবে বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি এই সিদ্ধান্তকে আপাতত স্থগিত করেছেন। চলমান পিএসএলের প্রথম ম্যাচে মারিয়াম নওয়াজ স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল পিসিবি। সেই পোস্ট নিয়েই নাসিমের মন্তব্য পুরো বিতর্কের উদ্রেক হয়।










Discussion about this post