রাজশাহীতে বিসিএল ওয়ানডের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চলের লড়াই চলছিল স্বাভাবিক ছন্দেই। তবে সেই ছন্দ ভাঙে হঠাৎ করেই। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামের গ্যালারি থেকে ভেসে আসা স্লোগান মুহূর্তেই আলোচনার কেন্দ্রে নিয়ে আসে ম্যাচটিকে।
আজ ব্যাট হাতে ক্রিজে থাকা মোহাম্মদ মিঠুনকে লক্ষ্য করে একদল দর্শক ‘দালাল-দালাল’ স্লোগান দিতে শুরু করেন। প্রথমে উপেক্ষা করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত সংযম হারান এই ডানহাতি ব্যাটার। খেলা থামিয়ে তিনি সীমানা দড়ি পেরিয়ে গ্যালারির সামনে গিয়ে দাঁড়ান এবং দর্শকদের সঙ্গে কথা বলেন। মাঠের ভেতরে খেলোয়াড় ও আম্পায়ারদের মধ্যেও তখন খানিকটা অস্বস্তির আবহ তৈরি হয়।
তবে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। অল্প সময় পর মিঠুন হাসিমুখেই আবার মাঠে ফিরে যান এবং ইনিংস চালিয়ে যান। বড় কোনো বিশৃঙ্খলা ছাড়াই খেলা পুনরায় শুরু হওয়ায় স্বস্তি ফেরে দুই দলের ডাগআউটে।
ঘটনাটির পেছনে সাম্প্রতিক সময়ের বিতর্কও প্রভাব ফেলেছে বলে মনে করছেন অনেকে। সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ক্রিকেটারদের আর্থিক ইস্যু নিয়ে যে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছিল, তার রেশ এখনও গ্যালারিতে রয়েছে। ওই সময় ক্রিকেটারদের দাবির মুখে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে শোকজ ও দায়িত্ব থেকে সরানো হলেও পরে আবার দায়িত্বে বহাল রাখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।










Discussion about this post