টি–টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় আসর শুরু হচ্ছে একদিন পরই। ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে আয়োজিত এই বিশ্বকাপকে সামনে রেখে ধারাভাষ্যকারদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। ৪০ সদস্যের এই তারকাবহুল প্যানেলে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে জায়গা পেয়েছেন সাবেক জাতীয় ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার আতহার আলী খান।
এবারের বিশ্বকাপে বাংলাদেশের দল অংশ নিচ্ছে না। নিরাপত্তা ইস্যুতে সহ-আয়োজক দেশ ভারতে দল পাঠাতে অনিচ্ছুক হওয়ায় শেষ পর্যন্ত বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে আইসিসি। ফলে মাঠের প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ অনুপস্থিত থাকলেও ধারাভাষ্য কক্ষে ‘ভয়েস অব বাংলাদেশ’ আতহার আলী খানের মাধ্যমে থাকছে দেশের প্রতিনিধিত্ব।
আইসিসির ঘোষিত ধারাভাষ্য প্যানেলে রয়েছেন ক্রিকেটবিশ্বের বহু কিংবদন্তি ও তারকা কণ্ঠ। রবি শাস্ত্রী, নাসের হুসেইন, ইয়ান স্মিথ ও ইয়ান বিশপ নেতৃত্ব দেবেন এই প্যানেলকে। তাদের সঙ্গে যোগ দিচ্ছেন সাবেক বিশ্বজয়ী ও অভিজ্ঞ ক্রিকেটাররা, যাঁদের মধ্যে আছেন অ্যারন ফিঞ্চ, দিনেশ কার্তিক, কুমার সাঙ্গাকারা, স্যামুয়েল বদ্রি, রবিন উথাপ্পা ও কার্লোস ব্র্যাথওয়েট।
এ ছাড়া বিশ্ব ক্রিকেটের পরিচিত মুখ ইয়ন মরগান, ওয়াসিম আকরাম, সুনীল গাভাস্কার, ম্যাথু হেইডেন ও রমিজ রাজাও থাকছেন ধারাভাষ্য কক্ষে। ডেল স্টেইন, মাইকেল আথারটন, ওয়াকার ইউনিস ও সাইমন ডুলের মতো বিশ্লেষকেরা ম্যাচের সূক্ষ্ম দিকগুলো তুলে ধরবেন দর্শকদের সামনে।
বর্তমান ক্রিকেটারদের মধ্য থেকেও কয়েকজন যুক্ত হয়েছেন এবারের ধারাভাষ্য দলে। দক্ষিণ আফ্রিকার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপজয়ী অধিনায়ক টেম্বা বাভুমা এবং শ্রীলঙ্কার অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস বিশ্বকাপ চলাকালে ধারাভাষ্য দেবেন।
আইসিসি জানিয়েছে, ৫৫ ম্যাচের এই টুর্নামেন্টজুড়ে ধারাভাষ্যকারদের ব্যবহার করা হবে বিভিন্ন সম্প্রচারে। আইসিসি ডট টিভিতে থাকছে প্রাক্-ম্যাচ অনুষ্ঠান, ইনিংস বিরতির বিশ্লেষণ, ম্যাচ শেষে আলোচনা ও প্রতিদিনের হাইলাইটস শো। নকআউট পর্ব থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে দর্শকরা পাবেন অভিজ্ঞ কণ্ঠের বিশ্লেষণ।
এর আগে গত ৩০ জানুয়ারি ম্যাচ অফিশিয়ালদের তালিকায়ও বাংলাদেশের উপস্থিতি নিশ্চিত করেছিল আইসিসি। সেখানে এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌল্লা ইবনে শহীদ ও আন্তর্জাতিক প্যানেলের আম্পায়ার গাজী সোহেলের নাম রয়েছে।










Discussion about this post