বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন এক অধ্যায়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন মুশফিকুর রহিম। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার সুযোগ পাচ্ছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সম্প্রতি ঘোষণা করেছে আয়ারল্যান্ডের বাংলাদেশ সফরের পূর্ণাঙ্গ সূচি, আর সেই সূচিই এনে দিয়েছে মুশফিকের জন্য সম্ভাব্য মাইলফলক স্পর্শের সুযোগ।
বিসিবি জানিয়েছে- আগামী ৬ নভেম্বর বাংলাদেশে পা রাখবে আইরিশরা। সফরে দুটি টেস্ট ও তিনটি টি–টোয়েন্টি খেলবে তারা। ১১ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট, যা হবে মুশফিকুর রহিমের ৯৯তম ম্যাচ। এরপর ঢাকায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৯ নভেম্বর মাঠে গড়াবে দ্বিতীয় টেস্ট, আর সেটিই হতে পারে মুশফিকের শততম টেস্ট-যদি সবকিছু পরিকল্পনামাফিক এগোয়।
২০০৫ সালে টেস্টে অভিষেকের পর থেকে মুশফিক বাংলাদেশের ক্রিকেটে হয়ে উঠেছেন স্থিতিশীলতার প্রতীক। দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারে এখন পর্যন্ত তিনি ৯৮টি টেস্টে করেছেন ৬ হাজার ৩২৮ রান, যেখানে রয়েছে ১২টি সেঞ্চুরি ও ২৭টি অর্ধশতক। ৩৮ বছর বয়সী এই ব্যাটার ইতিমধ্যেই ওয়ানডে ও টি–টোয়েন্টি ফরম্যাটকে বিদায় জানিয়েছেন, তবে টেস্টে এখনও তিনি দলের অন্যতম ভরসা।
বাংলাদেশ ও আয়ারল্যান্ড এবারই প্রথম পূর্ণাঙ্গ টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে। এর আগে ২০২৩ সালের এপ্রিলে মিরপুরে একমাত্র টেস্টে মুখোমুখি হয়েছিল দুই দল, যেখানে ৭ উইকেটে জয় পেয়েছিল স্বাগতিক বাংলাদেশ।
দুই টেস্টের পর চট্টগ্রামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ২৭, ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ম্যাচগুলো, প্রতিটি শুরু হবে সন্ধ্যা ছয়টায়।
আয়ারল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি
ম্যাচ তারিখ স্টেডিয়াম
১ম টেস্ট ১১–১৫ নভেম্বর সিলেট
২য় টেস্ট ১৯–২৩ নভেম্বর মিরপুর
১ম টি–টোয়েন্টি ২৭ নভেম্বর চট্টগ্রাম
২য় টি–টোয়েন্টি ২৯ নভেম্বর চট্টগ্রাম
৩য় টি–টোয়েন্টি ২ ডিসেম্বর চট্টগ্রাম










Discussion about this post