লাহোরে পাকিস্তানের কাছে ৫৭ রানে হেরে সিরিজ হাতছাড়া বাংলাদেশের, হতাশ লিটনের কণ্ঠে ফুটে উঠল অসন্তোষ। মাঠের মৌলিক ভুলগুলোই যে দলের পতনের কারণ, তা অকপটে স্বীকার করেছেন অধিনায়ক।
ম্যাচের শুরুতেই চোটে পড়েন শরীফুল ইসলাম। ইনিংসের মাত্র দ্বিতীয় ওভারে বোলিং করতে এসে চোট নিয়ে মাঠ ছাড়েন তিনি, আর ফিরতে পারেননি। লিটন বললেন, ‘যখন শরীফুল চোটে পড়ল, তখন মোমেন্টাম পুরোপুরি ওদের দিকে চলে গেছে।’
বোলিংয়ের এই ঘাটতির পর ব্যাটিংয়েও দেখা গেছে চরম ব্যর্থতা। লক্ষ্য ছিল ২০০ রানের, কিন্তু শুরুতেই পড়ে বিপর্যয়। ব্যাটিংয়ে প্রথম ধাক্কা আসে লিটন দাস ও হৃদয়ের ভুল বোঝাবুঝিতে রান না নেওয়ার ঘটনায়। এরপরের বলেই হাসান আলীর বলে বাজে শটে কট আউট হয়ে যান লিটন (৯ বলে ৬)।
প্রশ্ন উঠেছে—মেজাজ হারিয়ে এমন আউট? লিটনের জবাব, ‘না, এমন নয়।’
তবে সঙ্গে আরও যোগ করেন, ‘ক্রিকেটে বেসিক জিনিসগুলো করতে হবে। এটা তো মৌলিক। এখন আমরা সেগুলো করতে পারছি না। আমি কাউকে দোষ দিচ্ছি না, কিন্তু আমাদের অবশ্যই এগুলো নিয়ে ভাবতে হবে।’
বাংলাদেশের ইনিংসে ৭৭ রানেই ৭ উইকেট পড়ে যায়। তানজিম হাসান শেষ দিকে ৫০ রানের ইনিংস খেলে কিছুটা লড়াই করলেও ফলাফল বদলায়নি। পুরো দল ১৯তম ওভারে অলআউট হয়ে যায় ১৪৪ রানে।
লিটন মনে করিয়ে দিলেন ব্যাটসম্যানদের দায়িত্বশীলতার কথা, ‘যে-ই ভালো ব্যাটিং করে, তার উচিত ইনিংস এগিয়ে নেওয়া। ১৩-১৪ ওভার পর্যন্ত ব্যাট করা উচিত। চতুর্থ ওভারের পর আর ভালো ব্যাটিং করিনি, টানা উইকেট পড়েছে।’
দুই ম্যাচ হেরে সিরিজ হারলেও হাল ছাড়তে নারাজ বাংলাদেশ অধিনায়ক। বলেন, ‘আমাদের আরেকটা সুযোগ আছে। আমাদের এখন বসে আলোচনা করতে হবে—কীভাবে ঘুরে দাঁড়ানো যায়। এটা এখন মানসিকতার লড়াই।’



