সব মিলিয়ে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনটা মন্দ কাটেনি বাংলাদেশ ক্রিকেট দলের। বল হাতে নাঈম হাসান দেখালেন ঝলক। এরপর শেষ বিকেলে দারুণ ব্যাট করলেন তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়। শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে হাসিমুখেই মাঠ ছাড়ল বাংলাদেশ দল।
সোমবার শেষ সেশনে শ্রীলঙ্কাকে ৩৯৭ রানে আটকে দেয় টাইগার বোলাররা। এরপর ১৯ ওভার ব্যাট করে উইকেট হারায় নি বাংলাদেশ। তামিম-জয়ের দাপটে কোন উইকেট না হারিয়ে দল করেছে ৭৬ রান। যদিও শ্রীলঙ্কার চেয়ে এখনও ৩২১ রানে পিছিয়ে মুমিনুল হকের দল।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এদিন ৫ চারে ৫২ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন তামিম। সবশেষ টেস্টে দুই ইনিংসে শূন্য রান করেন জয়। এবার দেখে-শুনে খেলছেন। ৬৬ বল খেলে তুলেছেন অপরাজিত ৩১ রান। চার মেরেছেন পাঁচটি।
এর আগে বাংলাদেশের বিপক্ষে ব্যাট হাতে দারুণ লড়াই করলেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। আলো ছড়ালেন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। তারপরও আক্ষেপ থেকেই গেল। একটুর জন্য অনন্য একটি মাইলফলকে পা রাখতে পারলেন না তিনি। ১৯৯ রানে আউট হলেন ম্যাথুজ। দুর্দান্ত ব্যাটিংয়ে ডাবল সেঞ্চুরির আশা জাগিয়ে ফিরলেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। কিন্তু এক রানের আক্ষেপ নিয়ে ফিরতে ফিরলেন।
এদিন বল হাতে আলো ছড়ালেন নাঈম হাসান। তারপরও চট্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে শ্রীলঙ্কা অলআউট হয়ে তুলল ৩৯৭ রানে। নাঈম ১০৫ রান দিয়ে নেন ৬ উইকেট। এটিই তার টেস্ট ক্যারিয়ারে সেরা বোলিং ফিগার। ৩ উইকেট নেন সাকিব আল হাসান। ১ উইকেট নেন তাইজুল। প্রতিপক্ষের ১০টি উইকেটই নিলেন স্পিনাররা।
ম্যাথুজ টেস্ট ক্রিকেটে তার দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস খেলেন। আর বাংলাদেশের বিপক্ষে প্রথম সেঞ্চুরি। অর্ধশতক করেন কুশল মেন্ডিস (৫৪) দিনেশ চান্দিমাল (৬৬)। এরপর ব্যাটিং উইকেটে বেশ লড়ল বাংলাদেশের দুই ওপেনার।
সংক্ষিপ্ত স্কোর-
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ১৫৩ ওভারে ৩৯৭ (আগের দিন ২৫৮/৪) (ম্যাথুজ ১৯৯, চান্দিমাল ৬৬, ডিকভেলা ৩, রমেশ ১, এম্বুলদেনিয়া ০, বিশ্ব ১৭*, আসিথা ১; শরিফুল ২০-৩-৫৫-০, খালেদ ১৬-১-৬৬-০, নাঈম ৩০-৪-১০৫-৬, তাইজুল ৪৮-১২-১০৭-১, সাকিব ৩৯-১২-৬০-৩)
বাংলাদেশ ১ম ইনিংস: ১৯ ওভারে ৭৬/০ (জয় ৩১*, তামিম ৩৯*; বিশ্ব ৪-০-১৭-০, আসিথা ৪-১-১৯-০, রমেশ ৭-১-১৯-০, এম্বুলদেনিয়া ৪-০-১৯-০)
# চট্টগ্রাম টেস্ট দ্বিতীয় দিন শেষে



