কঠিন দুঃসময়ে দাঁড়িয়ে সাকিব আল হাসান। তিনি যখন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সঙ্গে রয়েছেন দক্ষিণ আফ্রিকা সফরে তখন কীনা তার মা শিরিন আক্তার, শাশুড়ি এবং তিন সন্তান ঢাকায় দুটি হাসপাতালে চিকিৎসাধীন। অবস্থা এমন যে পরিস্থিতিতে চাইলে পরিবারের পাশে থাকতে দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথ থেকে দেশে ফিরে আসতে পারেন এই তারকা ক্রিকেটার।
সাকিবের মা শিরিন আক্তার আগেই হার্টের সমস্যায় ভুগছিলেন। তার অবস্থার অবনতি হয়েছে। এ অবস্থায় ভর্তি করা হয়েছেন এভারকেয়ার হাসপাতালে।
অসুস্থ সাকিবের তিন সন্তানকে নেওয়া হয়েছে রাজধানীর এভারকেয়ারেই। নিউমোনিয়ায় আক্রান্ত পুত্র সন্তান আইজাহ আল হাসান ও মেয়ে ইরাম হাসান। বড় মেয়ে আলাইনা হাসান ঠাণ্ডা জ্বরে ভুগছেন। সঙ্গে আরেক দুঃসংবাদ-সাকিবের শাশুড়ি ভুগছেন ক্যান্সারে। তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি।
এমনিতে সন্তানদের নিয়ে যুক্তরাষ্ট্রেই থাকেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির। কিন্তু গত ফেব্রুয়ারিতে বাঙলাদেশে এসেছেন তারা। এরমধ্যে মানসিক অবসাদের জন্য দক্ষিণ আফ্রিকা সফরে যেতে চাননি সাকিব। কিন্তু বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের সঙ্গে কথা বলে সফরে যান। এমন কী দক্ষিণ আফ্রিকার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে দেশের প্রথম জয়ের নায়ক হয়ে যান তিনি।
এ অবস্থায় বোর্ড আছে সাকিবের পাশে। ইচ্ছে করলে পরিবারের পাশে থাকতে দেশে ফিরে যেতে পারেন সাকিব। পুরোটাই তার ওপর নির্ভর করছে। পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবেন তিনি।



