করোনার দুঃসময়ে ক্রিকেট খেলা চালিয়ে যাওয়া সহজ কথা নয়! তারপরও তো জীবন থেমে থাকে না। চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগও (বিপিএল)। এবার এই ফ্রাঞ্চাইজি ক্রিকেটে ঢাকার পালা আপাতত শেষ, এবার চট্টগ্রাম পর্ব। ঢাকা থেকে চট্টগ্রামে চলে গেছে ক্রিকেটার ও ম্যাচ অফিসিয়ালরা। এরমধ্যে দুঃসংবাদ।
করোনাভাইরাসে আক্রান্ত হলেন বিপিএলের ম্যাচ রেফারি রকিবুল হাসান ও আম্পায়ার গাজী সোহেল। তাদের দেখা যাবে না চট্টগ্রাম পর্ব।
নিজের শারীরিক অবস্থা নিয়ে গণমাধ্যমে রকিবুল হাসান বলেন, ‘দেখুন, চট্টগ্রাম পর্বে যাওয়ার আগে বিসিবি থেকে গতকাল আমাদের করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয়। এরপর গত রাতে রেজাল্ট এসেছে। আমি পজিটিভ। আমার আর আম্পায়ার গাজী সোহলের ফল পজিটিভ এসেছে। ডাক্তারের সঙ্গে কথা বললাম, চট্টগ্রামে যেতে পারছি না আমরা।’
তবে করোনা আক্রান্ত হলেও রকিবুলের সমস্যা নেই। বলেন, ‘আল্লাহ্ রহমতে ভালো আছে। মাথা একটু ভারি হয়ে আছে। এছাড়া কোনো সমস্যা নেই আর। আমার জন্য দোয়া করবেন।’
করোনায় আক্রান্ত হয়ে বাসায় আইসোলেশনে আছেন রকিবুল হাসান। সাবেক ক্রিকেটার ও এই ম্যাচ রেফারির শারীরিক অবস্থা স্থিতিশীল আছে।



