করোনার এই সময়ে ক্রিকেট খেলাটা সহজ নয়। সবার আগে স্বাস্থ্য নিরাপত্তার কথাও ভাবতে হয়। এই যেমন সফরে গিয়ে করোনা আক্রান্ত হলেন বাংলাদেশের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। এরমধ্যে একটা সুখবর মিলল- অনুশীলনে নেমেছে টাইগাররা। বৃষ্টি মাথায় নিয়ে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের হ্যাগলি পার্কে যান মুশফিকুর রহিমরা। বৃহস্পতিবার কোয়ারেন্টাইন পর্ব শেষ হওয়ায় নিউজিল্যান্ড স্বাস্থ্য অধিদপ্তর অনুশীলনের সুযোগ দেয় বাংলাদেশ দলকে।
কিন্তু বৃষ্টির কারণে মাঠে গিয়ে ফেরত আসতে হয় ক্রিকেটারদের। এরমধ্যে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন ভিডিও বার্তায় বলেন, ‘এখানে আজ ভালো খবর আছে। সবাই কোভিড পরীক্ষায় নেগেটিভ হয়েছে। আমাদের এখানে ট্রেনিং করার সুযোগ দিয়েছে। গতকাল আমরা আলোচনা করেছিলাম কিভাবে কি হবে। আমরা অনুশীলনেও গিয়েছিলাম। কিন্তু বৃষ্টির কারণে মাঠে নামতে পারিনি। আমাদের জিম সেশন হবে। কালকে আমরা কোয়ারেন্টাইন সেন্টার থেকে বেরিয়ে টিম হোটেলে আইসোলেশনে চলে যাবো। যারা ইয়োলো ব্যান ছিল তারা এখানে ২০ তারিখ পর্যন্ত থাকবে। আমরা চলে যাওয়ার পর কাল থেকে ওরা জিম ব্যবহার করতে পারবে। ২১ তারিখ তারা সবাই আমাদের সঙ্গে হোটেলে চেক ইন করবে। রঙ্গনা হেরাথকে কোয়ারেন্টাইন সেন্টারে আলাদা রাখা হয়েছে। বাকিরা সবাই সুস্থ আছে।’
এরমধ্যে করোনা আক্রান্ত বাংলাদেশের স্পিন কোচ রঙ্গনা হেরাথকে আলাদা রাখা হয়েছে। বাংলাদেশ দল যে ফ্লাইটে নিউজিল্যান্ড গিয়েছে সেই ফ্লাইটে একজনের কোভিড পজিটিভ হয়। তার আশেপাশে থাকা দলের নয়জনের কোয়ারেন্টাইনের সময় বাড়ানো হয়েছে। মুমিনুল হক, ইয়াসির রাব্বী, নুরুল হাসান সোহান, ফজলে মাহমুদ ও মেহেদী হাসান মিরাজ আলাদা আছেন।
এদিকে ২০২২ সালের প্রথম দিন মাউন্ট মঙ্গানুইতে শুরু বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্ট। ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে শুরু হবে দ্বিতীয় টেস্ট।



