ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
গত এক বছর ধরে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছিলো বাংলাদেশ। এজন্য দলটি প্রায় প্রতিটি দেশের বিপক্ষে দ্বিপাক্ষিক যুব ওয়ানডে খেলেছিল। জয়ের রেকর্ডে উপরের দিকেই অবস্থান করছিলো। তাই চলতি বিশ্বকাপে জুনিয়র টাইগারদের নিয়ে আশায় বুক বেঁধেছে বাংলাদেশ। এরইমধ্যে এ টুর্নামেন্টে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে আকবর আলির দল। যে ম্যাচে তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে নিউজিল্যান্ডকে। তাতে কি? এ দলটিকে হারিয়েই নাকি ফাইনালে জায়গা করে নেবে লাল-সবুজ প্রতিনিধিরা। এমনটাই জানিয়েছেন ইংল্যান্ডের ধারাভাষ্যকার অ্যালান উইলকিনস।
বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকাকে তাদেরই ঘরের মাটিতে ১০৫ রানে হারিয়ে সেমিতে উঠেছে বাংলাদেশ। ঐ ম্যাচের পর ৬৬ বছর বয়সী বিখ্যাত ধারাভাষ্যকার উইলকিনস সেমিফাইনাল নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন এভাবে, ‘নিউজিল্যান্ড ওদের হারাতে পারবে না। এই বাংলাদেশকে হারানোর সামর্থ্য এই নিউজিল্যান্ডের নেই। নিউজিল্যান্ড সমর্থকদের কাছে ক্ষমা চাইছি, কিন্তু এই দলটা (বাংলাদেশ) অনেক বেশি ভালো।’
কোন কোন দিকে ভালো বাংলাদেশ, উইলকিনসের সে বিশ্লেষণে কাল দক্ষিণ আফ্রিকাকে হারানোর পথে দাপুটে ক্রিকেট উপহার দেওয়া বাংলাদেশের প্রশংসা করেছেন এভাবে, ‘ওদের বৈচিত্র্য আছে, স্পিন বোলিং অনেক গভীরতা ওদের। রকিবুল না হলে অন্য একজন, সে না হলে আরেকজন…। পেস বোলাররাও বেশ ভালো। আর ওদের ব্যাটিং! যেভাবে ব্যাট করে ওরা, দেখে অনেক পরিপূর্ণ মনে হয়। তাই নিউজিল্যান্ডের যতই রূপকথার মতো গল্প থাকুক—বেনোনিতে ওয়েস্ট ইন্ডিজকে ওরা যেভাবে হারিয়েছে সেই ম্যাচের গল্পটা অনেক সুন্দর, নবম উইকেটে রূপকথার মতো একটা জুটি হলো—তবু আমার মনে হয় না ওদের হাতে যথেষ্ট গোলাবারুদ আছে, যেটা দিয়ে এই বাংলাদেশ দলটাকে হারাতে পারে।’
এবারের বিশ্বকাপে সবথেকে গোছাল দল বাংলাদেশ। এমনটাই মনে হয়েছে উইলকিনসের, ‘এই বাংলাদেশ দলটা অসাধারণ। আমার মনে হচ্ছে ওরা ফাইনাল পর্যন্ত পুরো পথ পাড়ি দেবে।’



