ক্রিকবিডি২৪.কম
সদ্যই শেষ হওয়া বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ওপেনিংয়ে নেমে ঝড় তুলেছেন তামিম ইকবাল, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান, আফিফ হোসেন ও লিটন দাস। তারা সবাই আবার রয়েছেন আসন্ন বাংলাদেশের পাকিস্তান সফরের টি-টোয়েন্টি দলে। তাই রোববার হেড কোচ রাসেল ডমিঙ্গোর কাছে প্রশ্ন ছুটে গেল, সামনের সিরিজের ঐ ছয় ব্যাটসম্যানের ব্যাটিং পজিশন হবে কেমন। তার মতে, সেরা খেলোয়াড়রা যে কোন কন্ডিশনে, যে কোন পজিশনে খেলতে পারেন।
ওপেনারের ভিড়ে মিডল অর্ডারে শক্তিটা কিছুটা হলেও দুর্বল হচ্ছে বাংলাদেশের। তার উপর মুশফিকুর রহিম যাচ্ছেন না এ সিরিজে। তাই মোহাম্মদ মিথুন ও মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়া মিডল অর্ডার সামলানোর ব্যাটসম্যান নেই। তাই ওপেনারদের দিয়েই এ কাজটি সামলাতে হবে। এমনকি সেটা হতে পারে সাত নম্বর পজিশনেও। এ ব্যাপারে ডমিঙ্গো বলেন, ‘সেরা খেলোয়াড়রা সে কোন কন্ডিশনে, যে কোন পজিশনে খেলতে পারে। আপনি যদি মরগানকে তিন থেকে ছয়ের মধ্যে নামান দেখবেন সব জায়গায় সে সফল। আপনি যদি কেন উইলিয়ামসনকে তিন থেকে পাঁচের মধ্যে কোথাও নামান দেখবেন সে এর জন্য একটা পথ খুঁজে নিয়েছে।’
পাকিস্তান সফরে ছয় ওপেনারের মধ্যে বেশিরভাগ তরুণ। তাই তাদের এ প্রতিযোগিতাকে একটা সুযোগ হিসেবে দেখছেন ডমিঙ্গো, ‘খেলায় নতুন কিছু খুঁজে পেতে এটা তরুণদের জন্য ভালো সুযোগ। আমিও নিজেও খুব রোমাঞ্চিত। লিটনের মতো খেলোয়াড় একটা ম্যাচের জন্য চার নম্বরে কিংবা দুইয়ে খেলতে পারে, সেটা ভালো। মিঠুন তিন নম্বরে ব্যাট করতে পারে, এটাও ঠিক আছে। আফিফ ছয় নম্বর থেকে ওপেনিং আসতে পারে। তাদের এসব শিখতে হবে।’
ছয় ওপেনারের ব্যাটিং পজিশন কিভাবে ঠিক করবেন ডমিঙ্গো? এ ব্যাপারে তিনি বলেন, ‘দেখেন আমাদের কিছু খেলোয়াড় রয়েছে যেমন সৌম্য ভারতে তিন নম্বরে ব্যাট করেছেন, হয়তো সে পাকিস্তানে ছয় নম্বরে ব্যাট করতে পারে। রিয়াদ হয়তো পাঁচ নম্বরে খেলতে পারে। আফিফ ভারতে সাত নম্বরে খেলেছে। সে হয়তো তিন কিংবা চার নম্বরে খেলতে পারে। শান্তও ভালো করেছে। আমাদের সব বিকল্প ভালো ভাবে দেখতে হবে। মাত্র দুই জন ওপেনিংয়ে খেলতে পারবে।’



