ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সদ্যই শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন। যে কারণে ইমরুল কায়েস ছিলেন নির্বাচকদের নজরে। কিন্তু এ বাঁহাতি বাংলাদেশের পাকিস্তান সফরের টি-টোয়েন্টি দলে জায়গা পাননি। মূলত চোটের কারণেই তার কপাল পুড়েছে। এ সুযোগে নাজমুল হোসেন শান্ত ফিরেছেন দলে।
নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুও অকপটে স্বীকার করেছেন, পাকিস্তান সফরে ইমরুলই ছিলেন তাদের প্রথম পছন্দ। কিন্তু শতভাগ ফিট না থাকায় তাকে দলে রাখা সম্ভব হয়নি। এমনটাই জানিয়েছেন নান্নু,‘সাকিব তো এমনিই নেই। এ সফরে মুশফিককেও পাওয়া যাবে না। মিডল অর্ডারে অভিজ্ঞ ব্যাটসম্যানের অভাব। তাই ঐ জায়গায় ইমরুল কায়েসই ছিলো আমাদের ‘ফার্স্ট চয়েজ’। কিন্তু তার তো হ্যামস্ট্রিং চোট। তাই তাকে নেয়া সম্ভব হয়নি। সে কারণেই আমরা নাজমুল হোসেন শান্তকে বিশেষ বিবেচনায় এনেছি।’
এবারের বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে চার হাফসেঞ্চুরিতে ৪৪২ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার ষষ্ঠস্থানে ছিলেন ইমরুল। এ বাঁহাতির ইচ্ছে ছিল এমন পারফরম্যান্স পাকিস্তানের মাটিতেও দেখাতে। কিন্তু তার আগেই তাকে থামিয়ে দিল হ্যামস্টিংয়ের চোট।



