ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ইনজুরির কাছে হার মেনে যেতে পারেন নি শ্রীলঙ্কা সফরে। তবে এখনো হ্যামস্ট্রিংয়ের চোট সামলে উঠতে পারেন নি মাশরাফি বিন মুর্তজা। তবে এখন চিকিৎসকদের পরামর্শে বিশ্রামে আছেন। মাঠে ফেরার লড়াই শুরু করবেন আসন্ন কুরবানির ঈদের পর।
বিসিবি সুত্রে জানা গেছে, মাশরাফি তিন সপ্তাহের বিশ্রামে রয়েছেন। এ সময়ের মধ্যে ব্যথা বাড়তে পারে এমন ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ঈদের পর থেকে শুরু হবে মাশরাফির পুনর্বাসন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানালেন,‘২১দিন তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। এই মুহূর্তে কোন ধরনের অনুশীলন করা তার জন্য সম্পূর্ণ নিষেধ। কোন ধরনের পুনবার্সন কার্যক্রমেও অংশ নিতে পারবেন না। এমনকি ফিজিও থেরাপিও বন্ধ। ব্যথা থেকে সম্পুর্নভাবে মুক্ত হওয়ার জন্য আমরা তাকে এই পরামর্শ দিয়েছি। এমনকি ফের ব্যথা লাগতে পারে এমন কোন কাজ করা থেকেও সম্পূর্ণ বিরত থাকার পরামর্শ দেয়া হয়েছে তাকে।’
প্রতিনিয়ত চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন মাশরাফি। দেবাশীষ চৌধুরী জানান,‘তিনি আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। এই মুহূর্তে তিনি কোনো ব্যথা অনুভব করছেন না। তিনি আমাদের এটিও বলেছেন, দৈনন্দিন কাজে তিনি কোন ধরনের অসুবিধা বোধ করছেন না। সুতরাং এখন সময় হয়েছে তাকে পুনর্বাসনে পাঠানোর। ঈদের ছুটির পর আমরা তার পুনর্বাসন কাজ শুরু করব।’
ধারণা করা হচ্ছে, দেশের মাঠে একটি ওয়ানডে সিরিজে খেলেই অবসরে যেতে পারেন মাশরাফি।



