ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
একেই বলে কারো সর্বনাশ কারো পৌষমাস। শিখর ধাওয়ানের ইনজুরিতেই ওপেনিংয়ে সুযোগটা মিলে গেল তার। আর সেটি কাজেও লাগালেন লোকেশ রাহুল। রোহিত শর্মার সঙ্গে মিলে উদ্বোধনী জুটিতে পাকিস্তানের বিপক্ষে গড়েন রেকর্ড।
ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ড রোহিত শর্মা ও লোকেশ রাহুল গড়েন ১৩৬ রানের ওপেনিং জুটি। গড়েন নতুন ইতিহাস। পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপের ইতিহাসে এটিই ভারতের সর্বোচ্চ ওপেনিংয়ে রানের জুটি। তারা ভেঙে দেন শচিন টেন্ডুলকার ও নভজ্যোৎ সিং সিধুর গড়া ১৯৯৬ বিশ্বকাপের রেকর্ড।
সচিন ও সিধু গড়েন ৯০ রানের জুটি। যা এতোদিন ছিল বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ভারতের সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপ।
এবার নিয়ে মোট বিশ্বকাপের ইতিহাসে মোট ৭বার লড়াইয়ে নামে ভারত-পাকিস্তান। যেখানে চারবার ইনিংসের ওপেন করতে নামেন শচীন(১৯৯৬, ১৯৯৯, ২০০৩ ও ২০১১)। আর দু’বার করে নামেন বীরেন্দ্র শেবাগ (২০০৩ ও ২০১১) ও রোহিত শর্মা (২০১৫ ও ২০১৯)।
রেকর্ড গড়া জুটি উপহার দিয়ে লোকেশ রাহুল রোববার ফেরেন ব্যক্তিগত ৫৭ রানে। ৭৮ বলের ইনিংসে ছিল ৩টি চার ও ২টি ছক্কা। রোহিত শর্মা তুলে নিয়েছেন শতরান। ১১৩ বলে করেন ১৪০ রান।



