ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এ বছরই ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ক্রিকেট। যেখানে ক্রিস গেইলকে চাইছে ওয়েস্ট ইন্ডিজ দল। তাইতো মারুকুটে এই ব্যাটসম্যানকে ইংলিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের দলে রেখেছেন নির্বাচকরা। রংপুর রাইডার্সে খেলা ৩৯ বছর বয়সী এই মহা তারকাকে আরেকটা সুযোগ দিতে চাইছে বোর্ড।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচের দলে আছেন এভিন লুইসও। যিনি চলতি বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ব্যাট ঝড় তুলছেন। শুক্রবার মিরপুরের শেরেবাংলায় ফাইনালেও দেখা যাবে তাকে।
গতবছরের জুলাইয়ে ক্রিস গেইলকে সবশেষ আন্তর্জাতিক ক্রিকেটে দেখা গেছে। প্রতিপক্ষ বাংলাদেশের বিপক্ষে ৬৬ বলে ৭৩ রান করেন তিনি।এরপর ওয়েস্ট ইন্ডিজের ভারত ও বাংলাদেশ সফরে দেখা যায়নি এই মারকুটে ব্যাটসম্যানকে।
দেশের পক্ষে ওয়ানডে দলে প্রথমবারের মতো ডাক পেলেন নিকোলাস পুরান। বাদ পড়লেন- চন্দ্রপল হেমরাজ, কাইরান পাওয়েল, সুনিল আমব্রিস, কার্লোস ব্র্র্যাথওয়েট আর রোস্টন চেইস। হাঁটুর ইনজুরিতে বাদ পড়লেন অভিজ্ঞ মারলন স্যামুয়েলস।
ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি শুরু ২০ ফেব্রুয়ারি, বার্বাডোজে।
ওয়েস্ট ইন্ডিজ দল: জেসন হোল্ডার (অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, দেবেন্দ্র বিশু, ড্যারেন ব্রাভো, ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, শেই হোপ, এভিন লুইস, অ্যাশলি নার্স, কিমো পল, নিকোলাস পুরান, রভম্যান পাওয়েল, কেমার রোচ ও ওশান টমাস।



