ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ম্যাচটা ছিল অলিখিত ফাইনাল। যারা জিতবে সিরিজ তাদেরই। সেই সমীকরণ রোমাঞ্চকর এক ম্যাচের আভাস দিচ্ছিল। কিন্তু মাঠে একপেশে লড়াই দেখলেন দর্শকরা। হেসে-খেলে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। বুধবার রাতে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে সফরকারীদের ৭ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। ৫ ম্যাচ ওয়ানডে সিরিজ ৩-২ ব্যবধানে জিতেছে প্রোটিয়ারা।
কেপ টাউনে শুরুতে পাকিস্তানকে শুরুতে ২৪০ রানে আটকে রাখেন দক্ষিণ আফ্রিকান বোলাররা। এরপর ১০ ওভারে হাতে রেখে ৩ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় ফাফ ডু প্লেসিসের দল।
ফাইনালে টস প্রথমে বল হাতে নিয়েই সাফল্য ধরা দেয় ডেল স্টেইনের হাতে। তিনি ফিরিয়ে দেন ইমাম-উল-হককে। দ্বিতীয় উইকেট জুটিতে ৫৬ রান করেন ফখর জামান ও বাবর আজম। ২৪ রানে সাজঘরে ফিরেন বাবর।
৭৩ বলে ৭০ রান আসে ফকরের ব্যাটে। তারপর শোয়েব মালিক, শাদাব খানও ফিরে যান দ্রুত। ইমাদ ওয়াসিম ৩১ বলে ৪৭ রান তুললে স্বস্তি পায় সফরকারীরা। তবে সেটা যে নিরাপদ পুঁজি ছিল না তার প্রোটিয়ারা ঠিকই বুঝিয়ে দেয়।
হাশিম আমলা (১৪) ফিরতেই কুইন্টন ডি কককে ঝড় তুলেন। সঙ্গে রিজা হেনড্রিকসও সাবলীল গতিতে করেন ৩৩ বলে ৩৪। ডি কক ৫৮ বলে ৮৩ রানে অাউট। বাকী পথটুকু পাড়ি দেন
ডু প্লেসিস ও রাসি ফন ডার ডাসেন। চতুর্থ উইকেটে ৯৫ রান করেন তারা। অপরাজিত ৫০ রানে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন দু’জন।।
সংক্ষিপ্ত স্কোর-
পাকিস্তান: ৫০ ওভারে ২৪০/৮ (ইমাম ৮, ফখর ৭০, বাবর ২৪, হাফিজ ১৭, মালিক ৩১, রিজওয়ান ১০, শাদাব ১৯, ইমাদ ৪৭*; স্টেইন ১/৫১, রাবাদা ১/৪৩, প্রিটোরিয়াস ২/৪৬, মুল্ডার ১/২০, ফেলুকওয়ায়ো ২/৪২)।
দক্ষিণ আফ্রিকা: ৪০ ওভারে ২৪১/৩ (ডি কক ৮৩, আমলা ১৪, হেনড্রিকস ৩৪, দু প্লেসি ৫০*, ফন ডার ডাসেন ৫০*; উসমান ১/৪৩, শাহিন শাহ ১/৩৪, আমির ১/৪০)।
ফল: দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে জয়ী
সিরিজ: ৫ ম্যাচ সিরিজে দক্ষিণ আফ্রিকা ৩-২ ব্যবধানে জয়ী
ম্যাচসেরা : কুইন্টন ডি কক
সিরিজসেরা : ইমাম-উল-হক


