ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
উইনিং কম্বিনেশনে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের দলে নেই ইমরুল কায়েস। ৩০ নভেম্বর শুরু হতে যাওয়া টেস্ট এই একটিই পরিবর্তন এনেছেন নির্বাচকরা। চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে ৬৪ রানে জিতে এগিয়ে আছে সাকিব আল হাসানের দল।
আগেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল ঢাকাতেও খেলতে পারবেন না তামিম ইকবাল। ইনজুরি পুরোপুরি সেরে না উঠায় আরো একটা টেস্ট মিস করলেন এই ওপেনার। এর আগে জিম্বাবুয়ে সিরিজেও মাঠের বাইরে ছিলেন তিনি। হাতের পর কোমড়ের চোটে কাবু এই তারকা ব্যাটসম্যান।
এদিকে ঢাকা টেস্টে ক্যারিবিয়দের বিপক্ষে টেস্ট অভিষেক প্রায় নিশ্চিত হয়ে গেছে সাদমান ইসলামের। ইমরুল না থাকায় তাকে ওপেনিংয়ে ব্যাট হাতে দেখা যাবে। এর আগে এমএ আজিজ স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের হয়ে সাদমান ৭৩ রানের ইনিংস খেলে জাতীয় দলে ডাক পান। জাতীয় লিগে ৬৪৮ রান করা ২৩ বছর বয়সী এই ব্যাটসম্যান অভিষেকের সামনে দাঁড়িয়ে।
এ অবস্থায় সৌম্য সরকারের সঙ্গে ঢাকা টেস্টে ওপেন করতে দেখা যাবে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত খেলা সাদমান ইসলামকে।
টেস্টে ইমরুলের ব্যাটে অবশ্য রান নেই। সবশেষ ২২ টেস্টে কোনো ফিফটি নেই তার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে করেন ৪৪ ও ২ রান। সময়ের হিসেবে টেস্টে সবশেষ হাফসেঞ্চুরি পেয়েছেন ২০১৬ সালের অক্টোবরে। অবশ্য ফর্মের জন্য নয় ইমরুল ভুগছেন কাঁধের ও পায়ের চোটে। এ কারণেই বিশ্রামে রাখা হয়েছে তাকে।
দ্বিতীয় টেস্টের বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, নাঈম হাসান।



