ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
তার ক্যারিয়ারটা আক্ষেপের অন্য নাম হয়েই আছে। তিনি ছিলেন বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের নায়ক। সেই এনামুল হক জুনিয়র থমকে যান ১৫ টেস্ট খেলার পরই। ২০১৩ সালের পর জাতীয় দলেও আর খেলা হয়নি। কিন্তু ঘরোয়া ক্রিকেটে ঠিকই দাপিয়ে বেড়াচ্ছেন ৩১ বছর বয়সী এই স্পিনার। বুধবার হ্যাটট্রিক তুলে নিলেন তিনি।
জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় স্তরের ম্যাচে কক্সবাজারে ঢাকা বিভাগের বিপক্ষে হ্যাটট্রিকসহ ৫ উইকেট নিয়েছেন এনামুল। একইসঙ্গে ছুঁয়ে ফেলেছেন আব্দুর রাজ্জাকের রেকর্ড। ১২০ ম্যাচের প্রথম শ্রেণির ক্যারিয়ারে ৩৪তম বারের মতো ইনিংসে পাঁচ উইকেট পেয়েছেন এনামুল। তার চেয়ে এক ম্যাচ বেশি খেলে সমান ৩৪বার পাঁচ উইকেট শিকার করেন আব্দুর রাজ্জাক। প্রথম শ্রেণির ক্রিকেটে ইনিংসে সবচেয়ে বেশি পাঁচ উইকেট নেয়ার রেকর্ডের লড়াইটা দারুণ জমে উঠেছে।
বুধবার এনামুলের স্পিনে বড় লিড নেওয়া হয়নি ঢাকা বিভাগের। ৩৪৬ রানে ১ম ইনিংস শেষ। এর আগে সিলেট ১ম ইনিংসে করেছিল ২৩৮ রান। ২য় ইনিংসে নেমে বুধবার ম্যাচের তৃতীয় দিন শেষে সিলেটের রান ৪ উইকেটে ১০২। ক্যারিয়ারের শেষ ম্যাচে রাজিন সালেহ অপরাজিত ৪০ রানে।
বুধবার ঢাকার ইনিংসের ৭৬তম ওভারের চতুর্থ বলে তাইবুর রহমানকে বোল্ড করে হ্যাটট্রিক অভিযান শুুরু হয় এনামুলের। পরের বলে নেন সেঞ্চুরিয়ান আব্দুল মজিদের উইকেট। ওভারের শেষ বলে নাজমুল হাসান মিলনকে বোল্ড হ্যাট্রটিক পূর্ণ করেন তিনি। ৩৩ ওভারে ৮৭ রানে শিকার করেন ৫ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর-
সিলেট ১ম ইনিংস: ২৩৮/১০
ঢাকা ১ম ইনিংস: ১১৪.৫ ওভারে ৩৪৬ (মজিদ ১০৪, তাইবুর ১৫, নাদিফ ২৮, মোশাররফ ৫০, মাহবুবুল ২, শাহাদাত ৩৪*; ইমরান ১/৪২, নাবিল ১/৫৪, ইবাদত ২/৫৯, এনামুল জুনিয়র ৫/৮৭, শাহানুর ১/৯৭)
সিলেট ২য় ইনিংস: ৪৯ ওভারে ১০২/৪ (ইমতিয়াজ ৮, শানাজ ১২, রাজিন ৪০*, কাপালি ৩৯, এনামুল জুনিয়র ২*; শাহাদাত ২/১৯, তাইবুর ১/২৮, শুভাগত ১/২৬)


