ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ইনজুরির কারণে দলের বাইরে এখন তিনি। কিন্তু মাঠেই মন পড়ে আছে সাকিব আল হাসানের। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে চোখ থাকছে তার। জিম্বাবুয়ে সিরিজে সাকিবের মতো তামিমও নেই। সবাই তাকিয়ে জুনিয়রদের দিকে। কিন্তু এনিয়ে সাকিব বলছিলেন, ‘দেখুন, আমার কাছে জুনিয়র-সিনিয়র শব্দই পছন্দ হয় না। যারা দলে আছে তারা সবাই (ভালো) খেলার সামর্থ্য রাখে। তা না হলে তারা দলে থাকত না। এখানে সিনিয়র-জুনিয়রের কতটুকু দায়িত্ব, এমন কোনো বিষয় নেই। সবার একটাই দায়িত্ব কীভাবে দলের হয়ে ম্যাচটা জেতা যায়। সেই চেষ্টা সবাই করবে। কোনো দিন দুই-তিনজন ভালো খেলবে। কোনো দিন চার-পাঁচজন ভালো করবে। একটা ম্যাচে ১১ জনেরই ভালো খেলা কঠিন। সেটা যদি খেলে তাহলে বাংলাদেশ সব ম্যাচ জিততে পারবে।’
টেস্ট অধিনায়কের বিশ্বাস সবাই তাদের সেরাটাই দেবে। তিনি বলছিলেন, ‘যখন যার সুযোগ আসবে সে অবশ্যই চেষ্টা করবে যেন ভালো করতে পারে। দলের হয়ে অবদান রাখতে পারে। এটাই একমাত্র লক্ষ্য হওয়া উচিত খেলোয়াড়ের। যারা সুযোগ পাচ্ছে না তাদেরও চেষ্টা থাকবে ভালো করার, ছন্দটা সব সময় ধরে রাখার চেষ্টা করা।’
জিম্বাবুয়ের সঙ্গে ফেভারিট হিসেবেই মাঠ নামবে দল। তারপরও সাকিব বলেন, ‘আমার যখন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তখন আমরা জিম্বাবুয়ের কাছে হারতাম। আর এখন ওদের হারাই। তবে এখনো মনে করি ওদের খুব হালকাভাবে নেওয়ার কিছু নেই। এ দলেরও সামর্থ্য আছে, আমরা যদি ভুল করি সেটা কাজে লাগিয়ে ম্যাচ জিতে যাওয়ার।’


