ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
একটুর জন্য ডাবল সেঞ্চুরি মিস হল সাদমান ইসলামের। মাত্র ১১ রান। কিন্তু আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হল তাকে। পেলেন না ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির দেখা। তবে তিনি ঢাকা মেট্রোকে প্রথম ইনিংসে বড় লিড এনে দিয়েছেন। এরপর নেমে দ্বিতীয় ইনিংসে লড়ছে ঢাকা বিভাগ।
এদিকে কক্সবাজারে সিলেট ও চট্টগ্রামের মধ্যে দ্বিতীয় স্তরের আরেক ম্যাচের তৃতীয় দিনের খেলা বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। প্রথম দিন ৯ উইকেটে ২৮২ রান তুলেছিল চট্টগ্রাম। তারপর খেলা হয়নি দ্বিতীয় দিনে।
বুধবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের এই ম্যাচের তৃতীয় দিনে বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। খেলার অনেকটা সময় চলে যায় বৃষ্টির পেটে। সূর্য হেসে উঠলে ব্যাট করতে নেমে ১৮৬ রানের সঙ্গে তিন রান যোগ করে সাজঘরে ফিরেন সাদমান। ৩২৬ বলে খেলা তার ১৮৯ রান করেন এই ওপেনার।
আর ঢাকা মেট্রো প্রথম ইনিংসে করে ৩৮৭ রান। ৮০ রানে ৪ উইকেট নিয়েছেন সালাউদ্দিন। দুটি করে উইকেট শিকার করেন নাজমুল হোসেন ও শাহাদাত হোসেন।
এরপর ব্যাট করতে নেমে ঢাকা বিভাগ ৩য় দিন শেষে করেছে ২ উইকেটে ৫০ রান। ড্রয়ের পথেই এগিয়ে যাচ্ছে লিগের দ্বিতীয় স্তরের এই ম্যাচ।
সংক্ষিপ্ত স্কোর-
ঢাকা ১ম ইনিংস: ২০৬/১০ ২য় ইনিংস:১৪.৫ ওভারে ৫০/২ (মজিদ ১৮, রনি ৪, সাইফ ২৭*; আবু হায়দার ১/১৬, শহিদুল ০/২৫, সানি ১/৮)
ঢাকা মেট্রো ১ম ইনিংস: (দ্বিতীয় দিন শেষে ৩১২/৪) ১৩৯.৩ ওভারে ৩৮৭ (সাদমান ১৮৯, সৈকত ২৩, শামসুর ১, মার্শাল ৪, আশরাফুল ৪৯, মেহরাব জুনিয়র ৪১, জাবিদ ৩২*, আবু হায়দার ১৫, সানি ১, শহিদুল ১৯; শাহাদাত ২/৬৪, সালাউদ্দিন ৪/৮০, নাজমুল ২/৮৪, শুভাগত ১/৬৪, মোশাররফ ১/৮৭)


