ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সময়ের সঙ্গে পাল্লা দিয়ে নিজেকে বেশ মানিয়ে নিচ্ছেন তিনি। দলেও জায়গাটা পাকাপোক্ত হয়ে উঠছে লিটন দাসের। সবকিছু ঠিক থাকলে এবারের এশিয়া কাপে তামিম ইকবালের সঙ্গে ব্যাটিং ওপেন করবেন তিনি। বুধবার মিরপুরে অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হলেন লিটন।
যেখানে ওপেনিংয়ে ব্যাট করার প্রসঙ্গে উঠতেই তিনি বললেন, ‘হ্যাঁ এটা অবশ্যই আমার জন্য ভাল একটা সুযোগ। যদিও অনেকদিন ধরে ওয়ানডে দলের বাইরে আছি আমি। এই সুযোগটা পেলে অবশ্যই সেটা ভালভাবে কাজে লাগাতে চেষ্টা করবো।’ আর যদি নিয়মিত ওপেনিংয়ের সুযোগ মেলে? না এতো দুর ভাবছেন না লিটন। তিনি জানালেন, ‘বেশি ভাবতে রাজী নই আমি। আমার চিন্তা এশিয়া কাপের প্রথম দুটি ম্যাচ। সেই দুটি ম্যাচে যদি আমি ওপেন করার সুযোগ পাই, তবে অবশ্যই ভাল কিছু করার চেষ্টা থাকবে আমার।’
লিটন দাস অবশ্য বড় ইনিংস খেলতে পারছেন না। উইকেটে কিছু সময় ঠিকই থাকছেন ঠিকই। কিন্তু সম্ভাবনা জাগিয়েই ধরছেন সাজঘরের পথ। কেন এমন হচ্ছে? এই ওপেনার জানালেন, ‘আমি এখন মুলত নিজের শটগুলোকে আরো পারফেক্ট করার জন্য কাজ করছি। তবে মনে রাখতে হবে ওয়ানডে ক্রিকেটে শুধু উইকেটে টিকে থাকলে চলবে না। সেই সঙ্গে রানও করতে হবে। রান করতে হলে উইকেটে দাড়িয়ে থাকলে হবে না। ব্যাটও চালাতে হবে।’
গ্রুপ পর্বে লড়তে হবে আফগানিস্তানের সঙ্গে। তাদের স্পিনাররা হুমকির কারণ হতে পারেন। অবশ্য স্পিন সামলাতে প্রস্তুতির কমতি নেই বাংলাদেশের।
লিটন কুমার দাস বুধবার বলছিলেন, ‘দেখুন, আফগানিস্তানের রশিদ খান ভাল মানের লেগস্পিনার। স্পিন বোলিংয়ে ক্রিকেট বিশ্বে দাপট খোচ্ছে সে। তবে টি-টুয়েন্টি এবং ওয়ানডে ক্রিকেটের ফরম্যাটটা ভিন্ন। টি-টুয়েন্টিতে তার বিপক্ষে রান তুলতে হবে, এমন একটা তাড়াহুড়োর বিষয় ছিল। তবে ৫০ ওভারের ক্রিকেটে তাকে খেলার জন্য লম্বা সময় ধরে পাওয়া যাবে। সেই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে।’


