ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
নিষেধাজ্ঞা শেষে এখন স্বস্তিতে মোহাম্মদ আশরাফুল। এখন জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেটে উন্মুক্ত তিনি। ম্যাচ ফিক্সিং ও স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অপরাধে ৫ বছরের নিষেধাজ্ঞা বয়ে বেড়াচ্ছিলেন তিনি। গত মাসে তা থেকে মুক্তি মিলেছে। এ অবস্থায় ফের জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন আশরাফুল। তার চোখ ২০১৯ বিশ্বকাপে। লড়াইটা কঠিন জানেন। তার আগে ঘরোয়া লিগে নিজেকে প্রমাণ করে জাতীয় দলের হারানো জায়গাটা ফিরতে চান সাবেক এই অধিনায়ক।
মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে আশরাফুল বলছিলেন, ‘দেখুন, কোনো সিরিজের চিন্তা আমি করিনি। তবে অবশ্যই বিশ্বকাপের স্বপ্ন আমি দেখি। ২০১৫ বিশ্বকাপে ছিলাম না। তখন নিষিদ্ধ ছিলাম। তার আগে তিনটা বিশ্বকাপ খেলেছি। তখন থেকেই স্বপ্ন দেখি যেভাবেই হোক পারফরম্যান্স করে আমি ২০১৯ বিশ্বকাপ দলে জায়গা করে নেব। এটা আমার বিশ্বাস।’
জাতীয় দলের হয়ে আশরাফুল সবশেষ ম্যাচ খেলেন ২০১৩ সালের ৮ মে। তারপরই বিপিএলে ফিক্সিং করে ৫ বছরের নিষিদ্ধ হন। যার মেয়াদ শেষ হয় গত ১৩ আগস্ট। এ অবস্থায় ১ অক্টোবর শুরু হতে যাওয়া জাতীয় ক্রিকেট লিগকে নিজেকে উজাড় করে দিতে প্রস্তুত হচ্ছেন অ্যাশ। জানালেন, ‘আমার প্রথম চ্যালেঞ্জ জাতীয় লিগ। সেখানে যদি ২০০-৩০০ মারতে পারি কয়েকটা ইনিংসে, তখন হয়ত বিবেচনায় আসবো যে আমাকে দিয়ে আবার হবে। প্রস্তুতি নিচ্ছি দুই মাস ধরে। যেখানেই খেলব, ভাল ক্রিকেট খেলতে চাই।’
৫-২৩ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম আসর। টুর্নামেন্টের নিলামে থাকছেন আশরাফুল। যদি কোন ফ্র্যাঞ্চাইজি দলে টানে তাহলে মাঠে না,মতে পারবেন। টেস্টের কনিষ্টতম সেঞ্চুরিয়ান বলেন, ‘আফগান টি-টুয়েন্টি লিগের ড্রাফটে আমার নাম থাকার কথা। আমি সেখানে সুযোগ পেলে নিজের ফিটনেস প্রমান করতে চাইব। আমার স্ট্রাইক রেট নিয়ে অনেক কথা হয়েছে। সেখানে সুযোগ পেলে নিজেকে প্রমান করব আমি।’



