আফগানিস্তানের বিপক্ষে মুস্তাফিজুর রহমান যে নেই- সেটা অনেকেরই জানা হয়ে গেছে! নতুন খবর হল ইনজুরি লুকোনোর জন্য শোকজ কিংবা জরিমানার মুখোমুখি হতে পারেন জাতীয় দলের এই পেসার। এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে ফিরেছিলেন বাঁ পায়ের বুড়ো আঙুলের চোট নিয়ে। তারপরও ভারপ্রাপ্ত হেড কোচ কোচ কোর্টনি ওয়ালশ তাকে দু’দিন বিশ্রাম দিয়েছিলেন তিনি। কিন্তু নির্দিষ্ট সময়ের আগেই জানা গেল তিনি মিস করছেন আফগান সিরিজ। তাকে ছাড়াই ভারত পৌঁছেছে টিম বাংলাদেশ।
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজ খেলতে সকালে ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়ে বাংলাদেশ ক্রিকেট দল। সফরসঙ্গী হননি সদ্য আইপিএল খেলা আসা সাকিব আল হাসান ও বিশ্ব একাদশের হয়ে খেলতে লন্ডনে থাকা তামিম ইকবাল।
এদিকে মুস্তাফিজের চোট নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, ‘ রোববার রাতে ওর বুড়ো আঙুলে সিটি স্ক্যান করানো হয়। তাতে দেখা গেছে চোটের জায়গাটা পুরোপুরি সেরে ওঠেনি। চোট নিয়ে খেললে সমস্যা আরও বাড়তে পারে। যে কারণে আফগান সিরিজে খেলতে পারছেন না।’
ক্রিকেট অপারেশন্স কমিটি চেয়ারম্যান আকরাম খান ইনজুরি লুকানোতে এই পেসারের ওপর বিরক্ত। জানালেন প্রয়োজনে কাটার মাস্টারকে শোকজও দেওয়া হতে পারে। বলেন, ‘আইপিএলের ওপর শতভাগ কমিটমেন্ট থাকবে। শতভাগ সিরিয়াসনেস থাকবে আর জাতীয় দলের প্রতি এমন অপেশাদার মানসিকতা! এটা কোনোভাবেই কাম্য নয়। আমরা তা সহ্যও করবো না। আমি মুস্তাফিজের কাছে পুরো বিষয়টার সুস্পষ্ট ব্যাখ্যা চাইবো, দেখি ও কি বলে?’ অপেশাদার আচরণ ও কর্তব্যে গাফিলতির জন্য মুস্তাফিজের কাছে ব্যাখ্যা চাইবে বিসিবি।



