টেস্ট ক্রিকেট যেন তারই খেলা। সুযোগ পেলেই সাদা পোশাকে যোগত্যতার পরিধিটা দেখিয়ে দিচ্ছেন তিনি। পেরিয়ে গেছেন আরো কিছু মাইলফলক। টেস্ট ক্রিকেটে ২ হাজার রান পূর্ণ করেছেন মুমিনুল হক। ১ হাজার ৮৪০ রান নিয়ে চট্টগ্রাম টেস্ট শুরু করেন তিনি। এরপর সেঞ্চুরি করেছেন চা-বিরতির আগে। তারপরই উঠে গেছেন অনন্য এক উচ্চতায়। ষষ্ঠ বাংলাদেশি ক্রিকেটার হিসেবে মুমিনুল পেরিয়েছেন টেস্টে ২ হাজার রানের মাইলফলক। সবচেয়ে কম ইনিংস খেলে এই কৃতিত্ব দেখিয়েছেন তিনি।
শীর্ষে উঠতে ২৬ বছর বয়সী মুমিনুল পিছনে ফেললেন তামিম ইকবালকে। মুমিনুলের থেকে ৬ ইনিংস বেশি খেলে ২ হাজার রান করেন তামিম। দুই হাজার রান ক্লাবের তালিকায় তারপরই আছেন সাকিব আল হাসান (৫৭ ইনিংস), হাবিবুল বাশার (৫৮ ইনিংস), মুশফিকুর রহীম (৬৭ ইনিংস) ও মোহাম্মদ আশরাফুল (৯১ ইনিংস)।
বুধবার টেস্টের প্রথম দিন শেষে শ্রীলঙ্কার বিপক্ষে ১৭৫ রানে অপরাজিত ছিলেন মুমিনুল। আর দল তুলে ৪ উইকেট হারিয়ে ৩৭৪ রান। ম্যাচে বাংলাদেশের টেস্ট ইতিহাসে তৃতীয় উইকেট জুটিতে সর্বোচ্চ রানের মালিক বনে গেছেন মুশফিক ও মুমিনুল। মুশফিকের (৯২) সঙ্গে গড়েন ২৩৬ রানের জুটি। তৃতীয় উইকেট জুটিতে আগের সর্বোচ্চ রানের রেকর্ডে আছেন মুমিনুল। ২০১৩ সালের অক্টোবরে মিরপুর শেরেবাংলায় নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫৭ রানের জুটিতে তার সঙ্গে ছিলেন তামিম।



