সন্দেহ নেই তিন ফরম্যাটের ক্রিকেটে দু’জন দেশসেরাদের অন্যতম। রেকর্ড তাদের পিছু নেবে সেটাই স্বাভাবিক। তামিম ইকবাল ও সাকিব আল হাসান সেই পথেই আছেন। ওয়ানডে ক্রিকেটে এক মাঠে সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়া থেকে ২১০ রান দূরে তামিম। একই রেকর্ড গড়তে সাকিবের প্রয়োজন ৩০১ রান।
রোববার থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হতে যাওয়া ত্রি-দেশীয় সিরিজেই কিন্তু অনন্য এ মাইলফলক হাতছানি দিচ্ছে তাদের। কে এই রেকর্ড আগে স্পর্শ করবেন সেটা সময়ই বলে দেবে।
ওয়ানডেতে এক মাঠে সবচেয়ে বেশি রান করার রেকর্ড শ্রীলঙ্কার সনাৎ জয়সুরিয়ার। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ৭১ ম্যাচে ৭০ ইনিংসে ৩৮.৬৭ গড়ে এ বাঁহাতি করেন ২৫১৪ রান। যেখানে সেঞ্চুরি ৪টি এবং ১৯টি হাফসেঞ্চুরি রয়েছে তার। এদিকে শারজা ক্রিকেট স্টেডিয়ামে ৫৯ ম্যাচে ৫৯ ইনিংসে ৫০.২৮ গড়ে ২৪৬৪ রান ইনজামাম-উল-হকের। সেঞ্চুরি ৪টি, ১৭ রয়েছ হাফসেঞ্চুরি। ওয়ানডেতে এক মাঠে সর্বোচ্চ রান করার তালিকায় সাবেক এ পাকিস্তানি দ্বিতীয় স্থানে। তাকে পেছনে ফেলতে মাত্র ১৬০ রান চাই তামিমের।
তামিম মিরপুর শেরেবাংলায় ৭১ ম্যাচে ৭০ ইনিংস ৩৩.৪০ গড়ে ২৩০৫ রান করেছেন। আছে ৫টি সেঞ্চুরি ও ১৩টি হাফসেঞ্চুরি। আর ৭৩ ম্যাচে ৭০ ইনিংসে ৩৮.৮৪ গড়ে ২২১৪ রান করেছেন সাকিব। যেখানে এ অলরাউন্ডারের রয়েছে ২টি সেঞ্চুরি, ১৮টি হাফসেঞ্চুরি।



